মণি রত্নম ফিরছেন নতুন অবতারে। সঙ্গে কমল হাসানকেও নিয়ে আসছেন নিজের মতো করে। এবার তারা জুটি বেঁধেছেন ‘থাগ লাইফ’ নামের একটি সিনেমায়। গতকাল শুরু হয়েছে এ সিনেমার শুটিং। এর আগে সিনেমাটির একটি টিজার প্রকাশ করা হয়েছিল। সেখানে অ্যাকশন অবতারে দেখা গিয়েছিল কমল হাসানকে। এবার এর শুটিং শুরু করলেন নির্মাতারা।
এ সিনেমার প্রযোজক হিসেবে মণি রত্নমের সঙ্গে আছেন কমল হাসানও। তার রাজ কমল ফিল্মস সিনেমাটি প্রযোজনা করছে। তারা একটি প্রমো ভিডিওর মাধ্যমে সিনেমাটির শুটিং শুরুর খবর দিয়েছে। এর সঙ্গে আরো থাকছে রেড জায়ান্ট পিকচার্স ও মণি রত্নমের মাদ্রাজ টকিজ।
থাগ লাইফ অনেকটাই ভিন্ন ধারার হতে যাচ্ছে। সিনেমার প্রথম টিজারে কমল হাসানকে দেখা গেছে রহস্যময় এক অবতারে। এছাড়া সিনেমাটি বেশ বড় ক্যানভাসে নির্মাণ করছেন মণি রত্নম। অবশ্য প্রায় সব সিনেমাই তিনি বড় ক্যানভাসে নির্মাণ করেন। কমল হাসানের সঙ্গে থাগ লাইফে থাকছেন দুলকার সালমান, জয়ম রবি, তৃষা কৃষ্ণান, ঐশ্বরিয়া লক্ষ্মী, গৌতম কার্তিক ও জজু জর্জ।
সিনেমার প্রথম টিজারে মণি রত্নম কমল হাসানকে হাজির করেছেন ব্যাডঅ্যাস অ্যাকশন অবতারে। কমল হাসানের বিক্রমের পর এ চরিত্রে তাকে দর্শক গ্রহণ করেছে সহজেই। পিরিয়ড ড্রামার ভাবও থাকছে সিনেমায়। এর মধ্য দিয়ে মণি রত্নমের পোনিয়িন সেলভানের কথাও মনে করতে পারেন দর্শক।
সিনেমার প্রমো দেখে মনে হয়েছে থাগ লাইফ হতে যাচ্ছে একটি পিরিয়ড ফিল্ম। কিন্তু কোন সময়ের গল্প এ সিনেমা বলছে তা এখনো বোঝা যাচ্ছে না।
তবে প্রমোর ধরন, কমল হাসানের লুক ও অ্যাকশন দেখে মনে হচ্ছে একটি ডিস্টোপিয়ান সিনেমা হতে যাচ্ছে এটি। সেই সঙ্গে থাকবে দুর্দান্ত সব অ্যাকশন সিন। অনেকে ডুনের সঙ্গেও তুলনা করছেন সিনেমাটিকে। এ সিনেমা নিয়ে কমল হাসানের রয়েছে নিজস্ব আগ্রহ এবং সে কারণেই হাসান এ সিনেমায় যুক্ত হয়েছেন প্রযোজক হিসেবে।
থাগ লাইফের মাধ্যমে ৩৫ বছর পর মণি রত্মমের সঙ্গে সিনেমায় অভিনয় করছেন কমল হাসান। এ নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন এত দিন পর তিনি মণি রত্নমের সঙ্গে অভিনয় করছেন। এ নিয়ে কমল হাসান বলেন, ‘অনেকবার কথা হয়েছে। একটা গল্প আমি পছন্দ করেছি, কিন্তু তার পছন্দ হয়নি। আবার তার পছন্দের গল্প আমার পছন্দ হয়নি। আবার যে গল্পটা দুজনেরই পছন্দ হলো সেটা নিয়ে কাজ করার সময় অন্য কোনো সমস্যা এসে উপস্থিত হয়েছে। আমাদের আর সিনেমা করা হয়নি। তবে এবার আমরা এমন একটা গল্প পেয়েছি, যা দুজনেরই পছন্দ হয়েছে। এ সিনেমা নিয়ে আমরা ইতিবাচক।’
কমল হাসানের থাগ লাইফ টিজার দিয়েই দর্শকের মধ্যে দারুণ আগ্রহ সৃষ্টি করেছে। এটিকে আগে কেএইচ২৩৪ হিসেবে পরিচয় করানো হচ্ছিল। কেননা সিনেমাটি হতে যাচ্ছে কমল হাসানের ২৩৪তম সিনেমা।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










