অনুষ্ঠানে বিষয় বৈচিত্র্য রাখার চেষ্টা করে বাংলাদেশ টেলিভিশন। ঢাকা কেন্দ্র ছাড়াও চ্যানেলটির আছে চট্টগ্রাম কেন্দ্র। সেখান থেকেও হয় নানা আয়োজন। এবার ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে আয়োজিত হচ্ছে একটি অনুষ্ঠান। এর নাম ‘ঢাকায় থাকি’। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করছেন ইকবাল খন্দকার। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন।

২২ আগস্ট ধারণ করা হয়েছে অনুষ্ঠানটির তিন পর্ব। এ তিন পর্বের অতিথিরা হলেন সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, অভিনেতা ও মডেল মুকিত জাকারিয়া এবং লোকসংগীতশিল্পী ফকির শাহাবুদ্দিন। বলা বাহুল্য, তাদের তিনজনেরই জন্ম এবং বেড়ে ওঠা চট্টগ্রামে। এ অনুষ্ঠানে তারা স্মৃতিচারণ করেছেন নিজেদের শৈশব, কৈশোর ও দুরন্ত তারুণ্যের। অকপটে বলেছেন, চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী ঢাকায় এসে এখানকার সংস্কৃতি অঙ্গনে অবস্থান তৈরি করতে কতটা সংগ্রাম করতে হয়েছিল।

নেসার উদ্দিনের প্রযোজনায় ঢাকায় থাকি অনুষ্ঠানের প্রথম পর্বটি প্রচার হবে আজ। এ পর্বের অতিথি পার্থ বড়ুয়া। তিনি চট্টগ্রামের স্মৃতিচারণের পাশাপাশি বলেছেন তার গাওয়া বেশকিছু জনপ্রিয় গান তৈরির নেপথ্য গল্প।