ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় ন্যাশনাল স্কুল অব ড্রামার আয়োজনে শুরু হয়েছে ‘২৩তম ভারত রঙ মহোৎসব ২০২৪’। বিভিন্ন দেশ থেকে ১১টি আন্তর্জাতিক নাট্যসংগঠন ও ভারতের ৬১টি নাট্যদলকে এবারের উৎসবে মঞ্চায়নের জন্য চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে। এ উৎসবে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে পাঁচটি দল আমন্ত্রিত হয়েছে। 

এ অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে আমন্ত্রিত পাঁচটি নাটকের অন্যতম ম্যাড থেটারের অ্যানা ফ্রাঙ্ক। ভারতের নাট্য উৎসবের মঞ্চে ম্যাড থেটার তাদের সাড়া জাগানো নাটক অ্যানা ফ্রাঙ্কের দুটি প্রদর্শনীর জন্য গতকাল ঢাকা ছেড়েছে। আজ আসামের ডিব্রুগড়ে ইন্ডিয়া ক্লাব থিয়েটারিকেল ইনস্টিটিউশন অডিটোরিয়াম ও ১৩ ফেব্রুয়ারি দিল্লির এলটিজি অডিটোরিয়ামে অ্যানা ফ্রাঙ্কের দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নাটকটি রচনা করেছেন আসাদুল ইসলাম ও নির্দেশনা দিয়েছেন কাজী আনিসুল হক বরুণ। অ্যানা ফ্রাঙ্ক নাটকটি আর্য মেঘদূতের একক অভিনয়। কাজী আনিসুল হক বরুণ নাটকটির গল্প প্রসঙ্গে জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আত্মরক্ষার জন্য অ্যানা ফ্রাঙ্ক ও তার পরিবার আশ্রয় নেয় একটি গোপন কুঠুরিতে। যেখানে তারা ৭৬১ দিন অতিবাহিত করার পর ধরা পড়ে হিটলারের গেস্টাপো বাহিনীর হাতে। বন্দি জীবনের রুদ্ধশ্বাস দিনগুলোয় অ্যানা ফ্রাঙ্ক তার ডায়েরিতে ফুটিয়ে তোলে যুদ্ধের বারুদমাখা ধূসরতা, তার মানসিক বেদনার রঙ, ব্যক্তিগত স্বপ্ন ও সম্ভাবনার রংধনু। সেটাই তুলে ধরা হবে মঞ্চে। 

১ ফেব্রুয়ারি শুরু হওয়া ‘২৩তম ভারত রঙ মহোৎসব ২০২৪’-এ অংশ নেয়া বাংলাদেশের অন্য চারটি দল হলো: থিয়েটার ফ্যাক্টরি (আষাঢ়স্য প্রথম দিবসে), নাট্যম রেপার্টরি (দমের মাদার), বটতলা (খনা) ও স্বপ্নদল (চিত্রাঙ্গদা)। এরই মধ্যে গতকাল স্বপ্নদল তাদের ‘চিত্রাঙ্গদা’ নাটকটির মঞ্চায়ন করেছে।