বিশ্বের প্রভাবশালী অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং প্লাটর্ফম নেটফ্লিক্স। এবার প্রথমবারের মতো সর্বাধিক এমি পুরস্কার জিতেছে বিশ্বের এ স্ট্রিমিং প্লাটর্ফম। ২০২১-এ সেরা হয়েছে নেটফ্লিক্সের দ্য ক্রাউন ও কুইন্স গ্যাম্বিট সিরিজ। গতকাল এমি অ্যাওয়ার্ডসের ৭৩তম আসরে মোট ৪৪টি পুরস্কার জিতেছে নেটফ্লিক্স। ১৯৭৪ সালে একই সংখ্যক পুরস্কার ঘরে তুলেছিল সিবিএস।

তবে এ বছর শুধু সর্বাধিক এমি পুরস্কারই ঘরে তোলেনি নেটফ্লিক্স, অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তাদের পুরস্কারের সংখ্যাটা দ্বিগুণ। এইচবিও ও এইচবিও ম্যাক্সের সঙ্গে তুলনা করলে যেখানে তারা একসঙ্গে জিতেছে মাত্র ১৯টি পুরস্কার।

এমির ক্রিয়েটিভ আর্টস বিভাগে ৩৪টি পুরস্কার জিতেছে  নেটফ্লিক্স। এছাড়া গিলিয়ান অ্যান্ডারসন, ওলিভিয়া কোলম্যান এবং জশ ও’কোনোর দ্য ক্রাউন টিভি সিরিজে তাদের চরিত্র ও হলস্টোন সিরিজের জন্য সেরা অভিনেতা হিসেবে ম্যাকগ্রেগর মিলে জিতে নিয়েছেন আরো ১০টি পুরস্কার। সেরা ড্রামা সিরিজের পাশাপাশি এ বিভাগে সেরা পরিচালনা ও চিত্রনাট্যের পুরস্কার জিতেছে দ্য ক্রাউন। ব্রিটিশ রাজপরিবারকে নিয়ে নাটক জিতেছে মোট ১১টি এবং একই সংখ্যক পুরস্কার জিতেছে দ্য কুইন্স গ্যাম্বিট। কোনো একক কনটেন্টের জন্য এ বছর এটাই সর্বোচ্চসংখ্যক এমি।

কয়েক বছর আগে থেকেই এমির এ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে নেটফ্লিক্স। এ স্ট্রিমিং প্লাটফর্ম এইচবিও থেকে পিছিয়ে পড়ে বেশ কয়েকবারই রানারআপ হয়েছে । ২০১৮ সালে নিকট প্রতিদ্বন্দ্বী এইচবিও এবং নেটফ্লিক্সের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। যেখানে দুই স্ট্রিমিং প্লাটফর্মই ২৩টি করে পুরস্কার জেতে।

এইচবিও এবং তাদের স্ট্রিমিং পার্টনার এইচবিও ম্যাক্সসহ জিতে নেয় ১০টি পুরস্কার। হ্যাক্স ও মেরি ইস্টটাউন আলাদাভাবে বেশ কয়েকটি পুরস্কার জিতে নেয়। মেয়ার অব ইস্টটাউনের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন কেট উইন্সলেট।

চলতি বছর ডিজনি জিতেছে মোট ১৪টি পুরস্কার, যা গত বছরের তুলনায় বেশি। যেখানে অ্যাপল টিভি প্লাস প্রতি বছরই উন্নতির পথেই হাঁটছে। কমেডি টেড ল্যাসোর জন্য তারা জিতেছে মোট ১০টি।

এবারের এমি আসর অবশ্য একটি বিতর্ক সঙ্গে নিয়ে শেষ হল। বলা হচ্ছে ‘এমি ইজ সো হোয়াইট’। অভিনয়ের বিভাগগুলোয় সব পুরস্কারই গেছে শ্বেতাঙ্গ অভিনেতাদের হাতে। কৃষ্ণাঙ্গ শিল্পীরা ফিরেছেন খালি হাতে, যদিও তাদের অনেকেই মনোনয়ন পেয়েছিলেন। বিলি পোর্টার, এমজে রড্রিগেজ, মাইকেল কে উইলিয়ামস, কেনান থম্পসন—সবাই খালি হাতে ফিরেছেন।

তবে মিশেলা কোল চারটি মনোনয়ন পেয়ে আই মে ডেস্ট্রয় ইউয়ের জন্য পেয়েছেন লিমিটেড সিরিজে সেরা চিত্রনাট্যকারের অ্যাওয়ার্ড। প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে তিনি এ পুরস্কার জিতলেন। বিলি পোর্টার, এমজে রড্রিগেজ ড্রামা ক্যাটাগরিতে পোজের জন্য সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জেতার শক্ত প্রার্থী ছিলেন। কিন্তু দুজনকেই ফিরতে হয়েছে খালি হাতে।

 

সূত্র: ভ্যারাইটি ও হলিউড রিপোর্টার