স্ট্রিমিং প্লাটফর্মগুলো কোণঠাসা করে ফেলছে চলচ্চিত্র নির্মাতাদের। প্রেক্ষাগৃহের বদলে সরাসরি স্ট্রিমিং প্লাটফর্মে সিনেমা মুক্তি দেয়ার জন্য নাখোশ হলিউডের অন্যতম পরিচালক স্টিভেন স্পিলবার্গ। ২০২১ সালের সব সিনেমা একই সঙ্গে প্রেক্ষাগৃহ ও স্ট্রিমিং প্লাটফর্ম এইচবিও ম্যাক্সে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয় চলচ্চিত্র প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস। নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সে সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে স্পিলবার্গ বলেন, ‘মহামারীর প্রাদুর্ভাব স্ট্রিমিং প্লাটফর্মগুলোর গ্রাহক সংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি করেছে। সেই সঙ্গে আমার সেরা কয়েকজন নির্মাতা বন্ধুদের ফেলেছে বিপাকে। কারণ সিনেমাগুলো প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকতা পাওয়ার বদলে মুক্তি পাচ্ছে গড়পড়তা আয়োজনহীন অবস্থায়। এইচবিও ম্যাক্সের কথাই ধরা যাক, কেবল পারিশ্রমিক প্রদানের মাধ্যমেই যেন পরিচালকদের সঙ্গে সব শেষ করে দেয়া হলো।’

প্রেক্ষাগৃহে চলচ্চিত্র দেখার অভিজ্ঞতা দর্শকের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করেন স্পিলবার্গ। অনেক অপরিচিত মুখের ভিড়ে বসে সিনেমা উপভোগ করা টনিকের মতো কাজ করে। সিনেমা শেষ হওয়ার পর দর্শকরা পরস্পরের কাছে নিজেদের ভালোমন্দ মতামত জানায়। নানা বিষয় খুঁটিনাটি বিশ্লেষণ করে। চলচ্চিত্র সংস্কৃতিকে সামনে এগিয়ে নেয়ার জন্য এর প্রয়োজন কম নয়। স্পিলবার্গ স্বীকার করেছেন, বিশ্বব্যবস্থায় মহামারী ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। বিবর্তন ঘটেছে দর্শকের মধ্যে সিনেমা উপভোগের ধরন নিয়ে। তার পরও তিনি প্রেক্ষাগৃহনির্ভর সিনেমা মুক্তি দেয়ার সংস্কৃতিকেই এগিয়ে রাখছেন। 

স্পিলবার্গের সর্বশেষ সিনেমা ‘দ্য ফেবলম্যানস’ যুক্তরাষ্ট্রের কয়েকটি বাছাই করা প্রেক্ষাগৃহে মুক্তি পেল গতকাল। ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে ২৩ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে। এরই মধ্যে পরিচালনা, সিনেমাটোগ্রাফি ও মিউজিক্যাল স্কোর নিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। হলিউড চলচ্চিত্রে আধুনিকায়নে পথিকৃৎ স্টিভেন স্পিলবার্গ সর্বকালের সেরা ব্যবসাসফল নির্মাতা। ঝুলিতে রয়েছে একাডেমি অ্যাওয়ার্ডস, বাফটা অ্যাওয়ার্ডস ও কেনেডি সেন্টার সম্মাননার মতো স্বীকৃতি।


সূত্র: ইয়ন