বছরজুড়েই কনসার্ট করে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো। এরই মধ্যে বছরের শুরুতেও ব্যান্ডগুলো কনসার্টে ব্যস্ত সময় পার করছে। ব্যান্ড শ্রোতাদের জন্য দারুণ সুখবর! রাজধানী মাতাবে দেশের জনপ্রিয় চার ব্যান্ড। কনসার্টটি আজ রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে। 

কনসার্টের শিরোনাম ‘অপার্থিব হোম কামিং’। অপার্থিব হচ্ছে একটি কানাডিয়ান ব্যান্ড। যাদের সব সদস্য কানাডিয়ান প্রবাসী বাংলাদেশী। অপার্থিব ছাড়াও কনসার্টে আরো পারফর্ম করবে সোনার বাংলা সার্কাস, কাকতাল, আপেক্ষিক ও একক পারফর্ম করবেন এ কে রাহুল।

এ কনসার্টের আয়োজক গেট সেট রক। প্রমোশনাল পার্টনার বাংলাদেশী ব্যান্ড মিউজিক ফ্যান্স কমিউনিটি। অপার্থিব ২০০৮ সালে কানাডার অটোয়া শহরে ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়েছিল। রক-মেটাল ধাঁচের গানের মাধ্যমে তারা জনপ্রিয়তা পেয়েছে। নিজেদের গান নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করা ব্যান্ডটি প্রথমবার বাংলাদেশে কনসার্ট করতে যাচ্ছে। বাংলাদেশে তাদের প্রথম কনসার্ট উপলক্ষেই শিরোনাম দেয়া হয়েছে অপার্থিব হোম কামিং।

বাংলাদেশে নিজেদের প্রথম কনসার্ট নিয়ে বেশ উচ্ছ্বসিত অপার্থিব। ব্যান্ডের প্রধান ভোকালিস্ট সালেহীন চৌধুরী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে আমরা এরই মধ্যে অসংখ্য কনসার্ট করেছি। মাতৃভূমিতে এবারই প্রথম আমাদের ব্যান্ড পারফর্ম করবে। আমরা সবাই বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত। এ আয়োজন আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে আশাবাদী।’ আয়োজকরা জানান, আগত শ্রোতাদের জন্য গান উপভোগ করার পাশাপাশি বেশকিছু সারপ্রাইজ রাখা হবে।