সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের উদ্যোগে আজ শুরু হচ্ছে ‘মধুর মেলা’। ৩ জানুয়ারি পর্যন্ত মানিকগঞ্জের সিঙ্গাইরের জয়মণ্টবের বাউল কমপ্লেক্সের মধুর মঞ্চে চলবে এ আয়োজন। প্রতিদিন মেলায় গান পরিবেশন করবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা। থাকবে ভাব গান, কবি গান, পালা গান, হরেক রকমের খাবার দাবার ও খেলার আয়োজন। প্রতিবার এ আয়োজনে অংশগ্রহণ করেন শিল্পী, শ্রোতা ও সাধারণ মানুষ।

আয়োজনের প্রথম দিন অর্থাৎ আজ বেলা ৩টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় কমিটির সাধারণ সম্পাদক নূর-ই-আলশ চৌধুরী এমপি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ জাহিদ মালেক স্বপন এমপি। 

এ আয়োজন নিয়ে মমতাজ বেগম বলেন, ‘আকাশ সংস্কৃতির কারণে বাঙালির হাজার বছরের মহিমান্বিত লোকজ গান, ক্ষুদ্র ও কুটির শিল্প আজ নিদারুণ আগ্রাসনের শিকার। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে অন্তরে-আবেগে ধারণ করে আপন অস্তিত্বকে লালন করা একান্ত প্রয়োজন। সে উপলব্ধি থেকে আমার প্রয়াত বাবা বাউল সাধক আলহাজ মধু বয়াতি স্মরণে প্রতি বছরের মতো এবারো আয়োজন করেছি মধুর মেলার। মেলায় সবার সবান্ধব উপস্থিতি আমার এ ক্ষুদ্র আয়োজনকে সুন্দর ও সার্থক করে তুলবে বলে আমার বিশ্বাস। প্রতি বছরের মতো এ বছরও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েই ‘মধুর মেলা’ সম্পন্ন হবে বলে আশা করছি। এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।’ 

মমতাজ বেগম জানান, আজ রাত ১০টা থেকে সারা রাতব্যাপী পালা গান করবেন লতিফ সরকার ও মুক্তা সরকার। ২ জানুয়ারি রাত ১০টা থেকে সারা রাত পালা গান করবেন মানিক দেওয়ান ও রুমা সরকার। ৩ জানুয়ারি গান করবেন কলকাতার বিখ্যাত কবিয়াল সুমন সরকার ও বিকাশ সরকার, চলবে রাত ১০টা থেকে সারা রাত।