উৎসবের দিনে বিনোদন মহলেও থাকে উৎসবের আমেজ। ঈদকে সামনে রেখে শুটিং সেটে নাটক নির্মাণে ব্যস্ত তারকা ও নির্মাতারা। বিভিন্ন ঘরানার গল্প সামনে হাজির করতেই তাদের এ ব্যস্ততা। নাটকের পরিচিত মুখ বেশি দেখা যায় এ সময়। দর্শক অপেক্ষায় থাকেন তাদের প্রিয় তারকা ও নির্মাতার গল্প দেখার জন্য। ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান। প্রতি বছর ঈদ কিংবা যেকোনো উৎসব আয়োজনে নাটকে দেখা যায় তাকে। চলতি বছর ঈদকে সামনে রেখে এখন শুটিং সেটেই সময় কাটছে তার। অন্যদিকে এ সময়ের পরিচিত মুখ সামিরা খান মাহি। এবারের ঈদের একাধিক নাটকে অভিনয় করছেন এ অভিনেত্রী। এ ঈদে সামিরা খান মাহির বিপরীতে দেখা যাবে ফারহান আহমেদ জোভানকে। নাটকের নাম ‘ঈদ সেলামি’। এতে মাহিকে দেখা যাবে ঋতু চরিত্রে। নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। ঈদ সেলামি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি রোমান্টিক হাসির নাটক। একটি বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ের চিন্তা-ভাবনায় বদলে দেয়া এক যুবকের গল্প। মফস্বল শহরের কিছু মজার ঘটনা এ নাটকে উঠে এসেছে।’
বর্তমান সময়ে কেবল টেলিভিশন নয় ঈদের আয়োজন থাকে ওটিটি প্লাটফর্ম ও ইউটিউব চ্যানেলেও। আর উৎসবের আমেজের ইউটিউবের নাটকেও দেখা যায় জোভানকে। ঈদ সালামি নাটকটি নির্মাণ হয়েছে ইউটিউব চ্যানেলের জন্য। এটি নিয়ে জোভান বলেন, ‘আমরা শুটিং শেষ করেছি নাটকের। আমার বিশ্বাস ঈদে মফস্বলের প্রেমের এ নাটক দর্শকের ভালো লাগবে।’
ঈদ সেলামির গল্প নিয়ে জানতে চাইলে রিংকু বলেন, ‘ঋতু ঢাকায় হোস্টেলে থেকে লেখাপড়া করে, তার পরিবার থাকে মফস্বলে। ঢাকা থেকে রোজার ঈদের ছুটিতে বাবা-মায়ের কাছে গেছে সে। চাকরির সুবাদে তার বাবা মফস্বলের এ শহরে নতুন বদলি হয়েছে। প্রতিবারের মতো ঢাকায় ঈদ করতে না পেরে ঋতুর এবার খুব মন খারাপ। ঢাকার মতো এখানে সময়টা এত ভালো কাটবে না, এমনই তার ধারণা। এর পরের গল্প জানতে হলে নাটক দেখতে হবে দর্শকদের।’
সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন যোবায়েদ আহসান। প্রযোজক এসকে সাহেদ আলী জানান, আসছে ঈদে সিএমভির ব্যানারে এক ডজন ঈদ উপহারের মধ্যে ‘ঈদ সেলামি’ অন্যতম। এ ঈদে জোভান-মাহির এ নাটক প্রচার হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।










