ওয়াকান্ডা ফরএভার মুক্তির এক সপ্তাহ পার হয়নি। বলা হচ্ছিল এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা। মুক্তির পরপর সিনেমাটি দর্শকের পাশাপাশি এমসিইউর আশাও বাস্তবায়ন করছে। মাল্টিভার্স অব ম্যাডনেসের পর এ বছরের বৃহত্তম ওপেনিং এ সিনেমার। মার্ভেলের আশা জাগিয়ে রাখছে ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার। আশা জাগিয়ে রাখার কথা বলা হচ্ছে কেননা অ্যাভেঞ্জার্স ভেঙে যাওয়ার পর মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ক্ল্যাসিক আমেজটা পাচ্ছে না দর্শক। মন্দার বাজারে ব্যবসারও ঠিক নেই। তবে এর মধ্যে নতুন করে লাইনআপ ঠিক করেছে মার্ভেল। ইউনিভার্সের সঙ্গে ইউনিভার্স যুক্ত করে মাল্টিভার্সে নতুন নতুন চরিত্র যুক্ত করছে এমসিইউ। ওয়াকান্ডা ফরএভার দিয়েই সিনেমায় আনা হলো আয়রনহার্টকে। আয়রন ম্যান নেই কিন্তু সে অভাব কিছুটা হলেও পূরণ করবে আয়রনহার্ট। নতুন কোনো চরিত্র যুক্ত হবে না হয়তো কিন্তু জেমস গুনের পরিচালনায় আসছে গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি হলিডে স্পেশাল। টেলিভিশনের জন্য নির্মিত হচ্ছে বিশেষ এ সংস্করণ। ওয়াকান্ডা ফরএভারের রেশ কাটার আগেই ২৫ নভেম্বর এটি মুক্তি পাবে। মাল্টিভার্সের আরেকটি ‘লিংক’ নিয়ে হাজির হবে অ্যান্ট ম্যান। কোয়ান্টিকোর মধ্য দিয়েই মাল্টিভার্সে যুক্ত হবে ক্যাং। কোয়ান্টাম জগতে ক্যাং দ্য কংকারারের সঙ্গে স্কট ল্যাংয়ের দেখা হয়ে যাবে। মাল্টিভার্সের পরবর্তী যাত্রায় ক্যাং অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রধান চরিত্রে হাজির হতে যাচ্ছে।
লাইনআপ অনুসারে ফেব্রুয়ারিতে অ্যান্ট ম্যান মুক্তির পর আসবে সিক্রেট ইনভ্যাশন। নিক ফিউরি অনেকদিন অনুপস্থিত। টেলিভিশন মিনি সিরিজটি নিকের সঙ্গে এজেন্ট হিল ও রোডিকে ফিরিয়ে আনবে। হলিডে স্পেশালের পর গ্যালাক্সির অভিভাবকদের পুরোপুরি পাওয়া যাবে ২০২৩ সালের মে মাসে। জেমস গুনেরই পরিচালিত এবারের সিনেমায় চরিত্রগুলোর মানসিক অবস্থার নানা বিষয় আনা হবে। এর মধ্য দিয়ে এমসিইউতে জেমস গুনের যাত্রা শেষ হওয়ার কথা। মার্ভেলের ‘ইকো’ একটি সারপ্রাইজ হতে পারে বলে মনে করেন অনেকেই। অন্যান্য কনটেন্টের তুলনায় ভিন্ন ধরনের হবে এটি। তবে দর্শকের সবচেয়ে আগ্রহ থাকছে সম্ভবত লোকিকে নিয়ে। লোকির প্রথম সিরিজটি মার্ভেলের সবচেয়ে ‘স্মার্ট’ কাজ বলেই মনে করেন মার্ভেল ভক্তরা।
কামালা খানের আবির্ভাবের সময়ই বলা হয়েছিল সে ফিরবে দ্য মার্ভেলসে। দি অ্যাভেঞ্জার্সের মতো করেই মার্ভেলরা একত্র হবে। ইমান ভেলানির সঙ্গে থাকবে ব্রি লারসন। ক্যাপ্টেন ও মিস মার্ভেলের সঙ্গে থাকবে নিক ফিউরি। জুলাইয়ে মার্ভেলদের দেখার পর ২০২৩ সালের শীতে আয়রন হাটের্র দেখা মিলবে। রিরি উইলিয়ামসের ইন্ট্রো দেখে মনে হচ্ছে তাকে প্রধান চরিত্রের মতো করেই তৈরি করছে মার্ভেল।
তুরুপের তাস হিসেবে হাতে রাখা আছে ডেয়রেডেভিল। ২০২৪ সালের শুরুর দিকে মুক্তি পাবে। অন্যদিকে ডেডপুল থ্রিতে ফিরে আসছে উলভারিন। দর্শক ফেরাতে আর কী লাগে। সবশেষে ২০২৫ সালে অ্যাভেঞ্জার্স ফিরবে। কিন্তু সেখানে কারা ফিরবে, তা হয়তো কেবল মার্ভেলই জানে।
সূত্র: দ্য হলিউড রিপোর্টার










