গত বছর মুক্তি পেয়েছিল খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’। মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা পাচ্ছে সিনেমাটি। আন্তর্জাতিক মহলে পুরস্কার পেয়েছে ওরা ৭ জন। নির্মাতা গত বছরই জানিয়েছিলেন, আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্মে দেখা যাবে এ সিনেমা। এবার পরিচালক জানালেন, অ্যামাজন প্রাইম ভিডিওতে ওরা ৭ জন সিনেমাটি দেখা যাচ্ছে।
এ নিয়ে খিজির হায়াত খান বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি আমাদের মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নির্মিত চলচ্চিত্র ওরা ৭ জন এবার দেখা যাচ্ছে পৃথিবীর অন্যতম ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও প্লাটফর্মে। এ মুহূর্তে শুধু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দর্শক এ প্লাটফর্মে আমাদের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীরগাথাকে দেখতে পারবে, যা পরবর্তী সময়ে অন্যান্য দেশেও দেখা যাবে। সামনে আরো কয়েকটি আন্তর্জাতিক প্লাটফর্মে দেখা যাবে চলচ্চিত্রটি। আমাদের লক্ষ্য একটাই, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীরগাথাকে পৃথিবীর সব মানুষের কাছে পৌঁছে দেয়া। ’
সাতজন মুক্তিযোদ্ধার গল্প নিয়ে নির্মিত ওরা ৭ জন সিনেমাটি। এতে সাতজন মুক্তিযোদ্ধা ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারি মম, নাজিয়া হক অর্ষা, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিবা সানু, তাসনিম তাসফি, জয় রাজ, নাফিস আহমেদ, হামিদুর রহমান। একজনের চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা খিজির হায়াত খান।










