ভারতের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ইন্ডিয়ান ওশান। রাহুল রাম এ ব্যান্ডের সবচেয়ে পরিচিত মুখ। কিন্তু এবার ব্যান্ডের দুই সাবেক সদস্য, রাহুল রাম ও অমিত কিলামের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার বিষয় সেই পুরনো, রয়্যালটি।
মামলাকারীদের মধ্যে একজন হলেন ব্যান্ডের সাবেক গীতিকার ও গিটারিস্ট সুস্মিত সেন এবং অন্যজন সুনিতা চক্রবর্তী। সুস্মিত ইন্ডিয়ান ওশানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং সুনিতা হলেন আরেক প্রতিষ্ঠাতা সদস্য অসীম চক্রবর্তীর স্ত্রী। মামলার অভিযোগ, ২০২০ সাল থেকে রাহুল রাম ও অমিত কিলাম গানের রয়্যালটি পরিশোধ করেননি। নয়াদিল্লির মুখার্জি নগর পুলিশ স্টেশনে এ সম্পর্কে অভিযোগ করা হয়।
কেবল এ দুজনকেই নয়, তাদের সঙ্গে অভিযুক্ত করা হয়েছে কাদিসা মিউজিক প্রডাকশন প্রাইভেট লিমিটেডকে। এরাই ইন্ডিয়ান ওশানের প্রচার ও অন্যান্য বিষয়ের সঙ্গে যুক্ত। রাহুল রাম, অমিত কিলাম ও কাদিসার বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনা, প্রতারণা, তথ্য গোপন, মানি লন্ডারিং প্রভৃতি গুরুতর অভিযোগ আনা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার বেশকিছু ধারায় তাদের চার্জ করা হয়েছে।
অভিযোগে স্পষ্ট করে বলা হয়েছে, সুনিতা ২০২১ সাল থেকে রয়্যালটির কোনো টাকা পাননি। এছাড়া সুস্মিত জানান, তিনি পাননি ২০২০ সাল থেকে। তাদের মতে দুই বছর আগের হিসাব অনুসারেই প্রায় ৫০ লাখ রুপি মতো রয়্যালটি তাদের প্রাপ্য।
তবে পুলিশের কাছে অভিযোগ করতে চাননি সুস্মিত, বাধ্য হয়েই করেছেন। তিনি বলেন, ‘অসীম চক্রবর্তীর সঙ্গে শুরু করা নিজের ব্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করতে আমার ইচ্ছা হয়নি। ১৯৯০ সালে আমার বাবা অজিক কুমার সেন এ ব্যান্ডের নামকরণ করেন। এখন সময় বদলে গেছে এবং অনেক কিছুই ঘটেছে, যা দুর্ভাগ্যজনক।’
সুস্মিত নিজেও কাদিসার শেয়ারহোল্ডার, কিন্তু সেখানেও তিনি বঞ্চিত হচ্ছেন। তবে তিনি সুনিতার বিষয়েই বেশি উদ্বিগ্ন ছিলেন। সুস্মিত বলেন, ‘সুনিতা চত্রবর্তী আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। অসীম এ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। তার স্ত্রীর সঙ্গে অন্যায় হচ্ছে। সে কারণেই আমরা আইনের দ্বারস্থ হয়েছি।’
ভারতের অন্যতম পুরনো রক-ফিউশন ব্যান্ড ইন্ডিয়ান ওশান। তাদের ভক্তরা আশা করছেন, আদালতে যাওয়ার আগেই সমস্যাটির সমাধান করবেন ব্যান্ডের দায়িত্বশীলরা।
সূত্র: ইয়ন










