গত ২৫ অক্টোবর গ্রুপ থিয়েটার ফেডারেশন পুনর্গঠন ও সংস্কারের জন্য পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি করা গঠন করা হয়। অভিনেতা-নির্দেশক মামুনুর রশীদকে করা হয় আহ্বায়ক কমিটির প্রধান। মাস না পেরোতেই ‘কাজের পদ্ধতিগত সংঘাতের’ কারণ দেখিয়ে মঙ্গলবার অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন আহ্বায়ক কমিটির প্রধান মামুনুর রশীদ। দায়িত্ব নেয়ার এক মাসের মধ্যেই এ চিঠি দিলেন তিনি।
চিঠিতে বলা হয়েছে, ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সঙ্গে তাদের কাজের ‘সমস্যা’ হচ্ছে। এর মধ্যে গ্রুপ থিয়েটার ফেডারেশন কমিটিকে পাঠানো চিঠির সত্যতা নিশ্চিত করেছেন মামুনুর রশীদ।
মামুনুর রশিদ বলেন, ‘কাজের পদ্ধতিগত সংঘাতের কারণে গ্রুপ থিয়েটার ফেডারেশনের আহ্বায়ক কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছি। তবে গুজব রটেছে, আমি পদত্যাগ করেছি। এটি সত্য নয়, আমি অব্যাহতি চেয়েছি। সংগঠন যদি যোগ্য কাউকে পায়, তাকে নিয়ে কাজ চালিয়ে যাবে।’
আহ্বায়ক কমিটির আরেক সদস্য অধ্যাপক মলয় ভৌমিকও অব্যাহতি চেয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফেডারেশনের সাধারণ সভায় এ আহ্বায়ক কমিটি করা হয়েছিল, এখন সদস্যদের কাছেই আমরা অব্যাহতি চেয়েছি। কারণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সঙ্গে কাজের জায়গাটা আমাদের মিলছে না।’
তিনি জানান, আহ্বায়ক কমিটি যখন করা হয়েছিল, তখন বলা হয়েছিল ফেডারেশন পুনর্গঠনের জন্য সব সিদ্ধান্ত আহ্বায়ক কমিটিই নেবে। আর রুটিনমাফিক কাজ করার জন্য কেন্দ্রীয় কমিটিকেও রাখা হয়। কেন্দ্রীয় কমিটি মূলত আহ্বায়ক কমিটিকে সহায়তা করার কথা। কিন্তু এখন কাজের পদ্ধতিগত কিছু সংঘাত তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আহ্বায়ক কমিটির পক্ষে সুচারুভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।
কমিটির অন্য সদস্যরা হলেন–অধ্যাপক মলয় ভৌমিক, আহমদ ইকবাল হায়দার, নাদের চৌধুরী ও নাজনীন হাসান চুমকি।
এছাড়া কেন্দ্রীয় কমিটিকেও বহাল রাখার সিদ্ধান্ত হয়েছিল ওই সভায়, তবে ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকীকে বহিষ্কার করে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয় ফেডারেশনের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য লাকী ইনামকে।










