ওটিটি প্লাটফর্ম বঙ্গ তাদের দর্শকের জন্য নিয়ে এসেছে নতুন মনস্তাত্ত্বিক থ্রিলার বিনোদিনী। পুরো গল্পটি আবর্তিত হয়েছে এক রাতের ভেতরে ঘটে যাওয়া রহস্যময় ঘটনাকে ঘিরে। শুরু থেকেই দর্শকের মনে প্রশ্ন জাগবে—একজন অচেনা মানুষকে বিশ্বাস করার পরিণাম কতটা ভয়ংকর হতে পারে?

গল্পে দেখা যাবে দুই ভিন্ন জগতের মানুষকে। একজন সাধারণ গেস্টহাউজ কর্মী পলাশ, অন্যজন গ্ল্যামার দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী এশা। ভাগ্যের অদ্ভুত পরিহাসে তারা এসে দাঁড়ায় এমন এক ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি, যেখান থেকে আর ফেরার কোনো পথ নেই। একের পর এক ঘটে যেতে থাকে চমকপ্রদ ও লোমহর্ষক সব ঘটনা, যা দর্শককে দেবে নিখুঁত থ্রিলারের স্বাদ।

চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সৈয়দ ফরহাদ। এতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, ইমতিয়াজ বর্ষণ ও প্রিয়ন্তী উর্বী। অভিনেতাদের অনবদ্য অভিনয় ও টানটান চিত্রনাট্যের মিশেলে বিনোদিনী হয়ে উঠেছে এক ব্যতিক্রমধর্মী মনস্তাত্ত্বিক থ্রিলার। শিকার ও শিকারীর সীমারেখা এখানে এতটাই সূক্ষ্ম যে দর্শক শেষ দৃশ্য না দেখা পর্যন্ত সত্যকে আন্দাজ করতেও পারবেন না। কাহিনীতে পলাশ কি সত্যিই পারবে এ রহস্যের জাল ছিন্ন করে সত্যকে প্রকাশ করতে? নাকি এশার সঙ্গে সেও হারিয়ে যাবে অপরাধের অন্ধকার গভীরে? এ উত্তর খুঁজতে হলে দর্শককে অপেক্ষা করতে হবে পুরো সিরিজটি দেখার জন্য।