ভারতীয় রক-ফিউশন ব্যান্ড ইন্ডিয়ান ওশান। সম্প্রতি এ ব্যান্ডের সাবেক দুই সদস্য সুস্মিত সেন ও অসীম চক্রবর্তীর স্ত্রী সুনিতা চক্রবর্তী ব্যান্ডের বর্তমান সদস্য রাহুল রাম ও অমিত কিলামের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। বর্তমান দুই সদস্যের বিরুদ্ধে পুরনো সদস্যদের অভিযোগ, দুই-চার বছর ধরে তাদের কোনো রয়্যালটি দেয়া হয়নি। তারা জানান, হিসাব অনুসারে ইন্ডিয়ান ওশানের কাছ থেকে তারা মোটের ওপর ৫০ লাখ রুপির মতো রয়্যালটি পাবেন। রয়্যালটি না দেয়ার এ ইস্যুর সঙ্গে তারা তথ্য গোপন, মানি লন্ডারিং, চৌর্যবৃত্তির অভিযোগ তুলেছেন। অভিযোগের দুদিনের মাথায় এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ইন্ডিয়ান ওশান।

ঘটনার পর রাহুল রাম ও অমিত কিলাম ইন্ডিয়ান ওশানের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছেন, যাতে উল্লেখ করা হয়েছে অভিযোগের কপি তারা এখনো দেখেননি। বিবৃতিতে বলা হয়, ‘আমরা গণমাধ্যম সূত্রে জেনেছি, সুস্মিত সেন ও সুনিতা চক্রবর্তী আমাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন। এটি জেনে আমরা দুঃখিত, তবে অভিযোগটি নিয়ে এখনো স্পষ্ট করে বলতে পারছি না। কেননা এর কোনো কপি এখনো আমরা দেখিনি।’

তারা আরো জানান, অর্থসংক্রান্ত কিছু জটিলতা আসলেই আছে। তবে সেটা ন্যাশনাল কোম্পানি লর কারণে। এ নিয়ে বলা হয়, ‘এক বছরের অধিক সময় ধরে শেয়ারহোল্ডারদের মধ্যে পেমেন্ট নিয়ে একটা সংকট আছে, তবে তা হয়েছে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের কারণে। আইনি প্রক্রিয়াটি এখনো চলমান। সে কারণেই সবকিছু নির্ভর করছে আইনের মারপ্যাঁচের ওপর। আমরা অবাক হয়েছি, তাদের করা অভিযোগটি এ মামলাসংক্রান্তই। দেওয়ানি আইনের একটা বিষয় নিয়ে ফৌজদারি মামলা করার কারণ আমরা বুঝতে পারছি না। হয়তো তারা আমাদের ওপর এক ধরনের চাপ সৃষ্টি করতে চান।’

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে জানা যায়, সুস্মিত সেন গত ১৬ আগস্ট দিল্লি পুলিশের কাছে অভিযোগ করেন। এর অন্যতম কারণ তিনি ও সুনিতা চক্রবর্তী দীর্ঘদিন রয়্যালটি পাননি এবং সুনিতা বর্তমানে অর্থকষ্টে আছেন।

সূত্র: ইন্ডিয়া ডটকম