‘মিশন রানীগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’ সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অক্ষয় কুমার। ৬ অক্টোবর মুক্তি পেয়েছে তিনু সুরেশ দেশাই পরিচালিত এ সিনেমা। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। নতুন সিনেমার প্রচারণার মাঝেই বলিউডের ভাইজান সালমান খানের একটি মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বলিউডের সিনেমার পক্ষে ১ হাজার কোটি রুপি আয় করা এখন আর কঠিন কোনো বিষয় নয় বলে সম্প্রতি মন্তব্য করেছেন সালমান। শাহরুখ খানের জওয়ান ও সানি দেওলের ‘গদর টু’র সাফল্যের দিকে ইঙ্গিত করে তিনি এমন মন্তব্য করেছেন। এ মন্তব্যের মাধ্যমে বক্স অফিসের জন্য নতুন মাপকাঠি নির্ধারণ করে দিয়েছেন বলিউডের টাইগার। এর প্রতিক্রিয়ায় অক্ষয় কুমার জানিয়েছেন যে এমন মাপকাঠি নির্ধারণ করে দেয়ার মাধ্যমে কোনো সিনেমার ওপর চাপ তৈরি করা ঠিক নয়। তিনি বলেন, ‘আমাদের কেবল সিনেমার বাণিজ্যিক দিকটি দেখলেই হবে না। এর বাইরেও কিছু গল্প বলা প্রয়োজন।’
তবে ব্যবসাসফল সিনেমার বিরোধী নন অক্ষয় কুমার। তিনি আশা করেন যে বলিউড জওয়ান ও গদর টুর মতো আরো অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দেবে। শাহরুখ খানের জওয়ান দুর্দান্ত ব্যবসা করাতে তিনি খুব খুশি। পাশাপাশি বক্স অফিসে গদর টু ও ওএমজি টুর মতো সিনেমাগুলোর বাণিজ্যিক সাফল্য নিয়েও তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি আমাদের ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক। কভিড মহামারীর সময় আমাদের ইন্ডাস্ট্রি খুব খারাপ সময় পার করেছে। এখন অবস্থার পরিবর্তন হয়েছে। বর্তমানে বক্স অফিসে ১ হাজার কোটি রুপির মাপকাঠি তৈরি হয়েছে। এটি অনেক বড় বিষয়।’ অদূর ভবিষ্যতে বলিউডের সিনেমা হলিউডের মতো ২-৩ হাজার কোটি রুপির ব্যবসা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অক্ষয় কুমার। তিনি জানান, যে ধরনের সিনেমা, চিত্রনাট্য ও গল্প বলিউডের আছে, হলিউডের তা নেই।
অক্ষয় কুমারের মতে, সিনেমার বাণিজ্যিক সাফল্যের প্রয়োজনীয়তা আছে। তিনি বলেন, ‘বাণিজ্যিক সফলতা গুরুত্বপূর্ণ। কারণ আপনাকে আরো সিনেমা বানাতে হবে।’
মিশন রানীগঞ্জ নিয়েও কথা বলেন অক্ষয় কুমার। তিনি একে বাণিজ্যিক সিনেমা বলতে নারাজ। এটি কম বাজেটে তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘এটি জওয়ান বা রাওডি রাঠোরের মতো সিনেমা নয়। এ সিনেমার দর্শক নির্দিষ্ট। কিন্তু আমি আশাবাদী, সিনেমাটি ভালো ব্যবসা করবে।’
সিনেমার নাম প্রথমে ছিল ‘মিশন রানীগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়া রেসকিউ’। পরবর্তী সময়ে তা পরিবর্তন করে ‘দ্য গ্রেট ভারত রেসকিউ’ করা হয়। এ ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে অক্ষয় কুমার বলেন, ‘ভারত নামটি কি ভুল? ইন্ডিয়াও ভুল নয়। কিন্তু আমরা ভারত নামটি বেছে নিয়েছি। কারণ নামটি আমাদের সংবিধানে আছে।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










