সময় কখনো এক রকম থাকে না। আর সময়ের সঙ্গে বদলে যায় চারপাশের সব। প্রজন্ম বদলে যাওয়ার সঙ্গে বদলায় তাদের ভাবনা ও জীবনযাপন। ফলে কাছে আসার গল্পটাও বদলে যায়। সেখানে থাকে নতুনত্ব। সে নতুনের গল্প নিয়েই সাজানো হয়েছে ‘‌ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’-এর এবারের আয়োজন। তবে বরাবরের মতো এবারো টেলিফিল্মগুলো দেখানো হবে ভ্যালেন্টাইনস ডেতে। 

১১ বছর ধরে কাছে আসার গল্প বলছে ক্লোজআপ। তবে এবারের আয়োজনে অনেক কিছুই নতুন। দর্শক নয়, এবার পরিচালকদের গল্প থেকে নির্মাণ হচ্ছে টেলিফিল্মগুলো। তিনটি টেলিফিল্ম নির্মাণ হচ্ছে। পরিচালনায় রয়েছেন অমিতাভ রেজা চৌধুরী, রাকা নোশিন নাওয়ার ও সাকিব ফাহাদ। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় নির্মিত ফিল্মে অভিনয় করছেন প্রিয়ন্তী উর্বী ও তামিম মৃধা। রাকা নোশিনের ফিল্মটিতে অভিনয় করছেন আইশা খান ও সুদীপ বিশ্বাস দীপ। তানজিম সাইয়ারা তটিনী ও শাশ্বত দত্তকে দেখা যাবে সাকিব ফাহাদের টেলিফিল্মে। তরুণদের গল্প বলার জন্য তরুণ শিল্পীদেরই বেছে নিয়েছেন পরিচালকরা। তরুণ অভিনেতা ও অভিজ্ঞ পরিচালকদের মেলবন্ধন দারুণ কিছু তৈরি করবে। কাছে আসার গল্পের এবারের আয়োজনের জন্য থিম সং তৈরি করেছে জনপ্রিয় ব্যান্ড ‘‌শূন্য’। তাদের ১৫ বছর পূর্তি উপলক্ষে আইসিসিবিতে আয়োজিত কনসার্টে থিম সংটি প্রকাশ করা হয়। একই সঙ্গে মঞ্চে দেখা যায় এবারের আয়োজনের অভিনেতা-অভিনেত্রীদের। ক্লোজআপ বাংলাদেশের ফেসবুক পেজ থেকে আয়োজনটি লাইভ স্ট্রিম করা হয়।

থিম সং ছাড়াও টেলিফিল্মগুলোর গানের সুর ও সংগীতায়োজন করেছেন রায়েফ আল হাসান রাফা, জাহিদ নিরব ও কোকিল স্টুডিওজ। তিনটি গানের কথা লিখেছেন পুলক অনিল। টেলিফিল্মের পাশাপাশি ক্লোজআপের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আলাদাভাবে নানা আয়োজন থাকবে বলে জানানো হয়েছে। টেলিফিল্মগুলো প্রচার হবে টেলিভিশন ও ক্লোজআপের ইউটিউব চ্যানেলে।