তরুণ গায়ক তাসরিফ খান। সমুদ্রসৈকত কক্সবাজারে গিয়ে গাওয়া ‘তাই তো আইলাম সাগরে’ গান দিয়ে রীতিমতো ভাইরাল হয়েছিলেন তরুণ এ গায়ক। কুঁড়েঘর ব্যান্ডের এ গানের ভিউ ১১৪ মিলিয়ন। এবার তিনি গাইলেন পাহাড় নিয়ে নতুন গান। দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হলো, বললেন এ গায়ক। গানটি দিয়ে পাহাড়ের সৌন্দর্য তুলে ধরেছেন বলে জানালেন।
তাসরিফ জানান, কোনো গান জনপ্রিয়তা পেলে পরবর্তী গান করতে গেলে চিন্তার মধ্যে থাকতে হয়। কারণ দর্শক কীভাবে নেবে সেটা ভাবতে হয়, যা আলাদা করে চ্যালেঞ্জের মুখোমুখি করে। যে কারণে শুরুতে পাহাড় নিয়ে গানটি করতে চাননি। পরে ভক্তদের কথা ভেবেই গানটি করতে রাজি হন এ তরুণ গায়ক।
তাসরিফ জানান, ভক্তদের দীর্ঘদিনের চাওয়া ছিল পাহাড়ের গান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সময় পেলেই পাহাড়ে ঘুরতে যাই। পাহাড়ের কোলে বসে গান গাই। পাহাড়ের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিই। সেখান থেকেই বেশ আগে ভক্তরা জানিয়েছিল কক্সবাজারের পর তারা পাহাড়ের সৌন্দর্য নিয়ে গান চায়। এটা আমাদের মনে ধরে। সে গান নিয়ে এখন ভক্তরা কথা বলছে, প্রশংসা করছে, এটাই ভালো লাগার।’
তাসরিফ জানান, গানের শিরোনাম ‘পাহাড় যাব’। এতে তাসরিফের সঙ্গে গেয়েছেন জিসান খান। আট বছর পরে তারা গান গাইলেন। দুজন মিলেই গানটি লিখেছেন। ঈদ উপলক্ষে এটি ইউটিউবে মুক্তি পেয়েছে। গানটি দর্শকও পছন্দ করেছে, ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে।
‘গানটি যথাযথভাবে তুলে ধরতে বারবার পাহাড়ে যেতে হয়েছে। যখনই পাহাড়ে গিয়েছি খুব কাছ থেকে দেখেছি পাহাড়ের কালচার। সেটা নিয়ে তাদের এক ধরনের অনুভূতি, আবার আমাদের অন্য রকম। সে বিষয়গুলো ভক্তদের জন্য তুলে ধরেছি। মূলত পাহাড়ের প্রতি ভালোবাসা থেকেই আমরা গানটি করেছি, বলেন তাসরিফ।










