উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ট্রিবিউট ফিল্ম ‘প্রিয় সত্যজিৎ’ নির্মাণ করেছেন প্রসূন রহমান। একাধিক আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছে সিনেমাটি। শুক্রবার ভারতে শুরু হওয়া ‘জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর এবারের আসরে আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করতে যায় প্রিয় সত্যজিৎ।

এ সিনেমায় অভিনয়ের জন্য জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিচার ফিল্ম বিভাগে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল। একই বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে ‘গোল্ডেন ক্যামেল’ পুরস্কার পেয়েছে ভারতের নবীন নির্মাতা রাহুল কাবালি পরিচালিত চলচ্চিত্র ‘ফিয়ারলেস ডিল্যুশন’। প্রিয় সত্যজিৎ সিনেমাটোগ্রাফি ও সম্পাদনা বিভাগেও পেয়েছে আরো দুটি পুরস্কার।

এ নিয়ে প্রসূন রহমান বলেন, ‘যেকোনো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার বা ভালোবাসা পেলে নিশ্চয় সবারই ভালো লাগে। তবে প্রিয় সত্যজিৎ আসলে কোনো প্রতিযোগিতা বা পুরস্কারের আশায় নির্মাণ করা হয়নি। প্রিয় সত্যজিৎ উদযাপনের চলচ্চিত্র। এটি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ট্রিবিউট হিসেবে নির্মিত হলেও নির্দিষ্ট কোনো সময়ের চলচ্চিত্রও নয়। সত্যজিৎকে সঙ্গী করে সাহিত্যের, সিনেমার ও জীবনঘনিষ্ঠ শিল্পের প্রতি ভালোবাসা জানানোর সিনেমা এটি।’

প্রিয় সত্যজিৎ সিনেমায় একজন প্রবীণ নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল আর নবীন নির্মাতার ভূমিকায় মৌটুসী বিশ্বাস। প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটরের ব্যানারে নির্মিত প্রিয় সত্যজিৎ চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা, পরিচালনা ও প্রযোজনা করেছেন নির্মাতা প্রসূন রহমান।

জয়পুর চলচ্চিত্র উৎসবে মেক্সিকোর চলচ্চিত্র ‘দ্য পিংক লেগুন’ এ অভিনয়ের জন্যে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মনিকা আর্স। এছাড়া জয়পুর চলচ্চিত্র উৎসবে এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান অভিনয়শিল্পী ও নির্মাতা অপর্ণা সেন।