প্রথম সিজনের সাফল্যের পরই দ্বিতীয় সিজনের পরিকল্পনা করা হয়েছিল। সে অনুযায়ী চলছিল কাজ। সব শেষে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় সিজন নিয়ে ফেরত আসছে কোক স্টুডিও বাংলা। এ সিজনে সমগ্র বাংলাদেশ থেকে ২০ জনের বেশি শিল্পী একত্র হয়ে শ্রোতাদের জন্য ১০টিরও বেশি গান উপহার দেবেন। গানগুলোয় থাকছে মিউজিক্যাল ফিউশন, বৈচিত্র্যময় পারফরম্যান্সসহ আরো অনেক কিছুর সমন্বয়।
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের গানগুলোয় অংশ নেবেন বিভিন্ন ধারার শিল্পী। সম্পূর্ণ নতুন ও নিজস্ব সংস্কৃতি মিশ্রিত সুরের সঙ্গে প্রতিভাবান ও উদীয়মান শিল্পীদের অনন্য ছাপ মিলে গানগুলো হয়ে উঠবে উপভোগ্য। এমনটাই বলছেন আয়োজকরা। প্রথম সিজনের পরিচিত মুখদের পাশাপাশি বেশ কয়েকজন নতুন শিল্পী প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলায় অংশ নিচ্ছেন। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও সংগীত প্রযোজক হিসেবে থাকছেন শায়ান চৌধুরী অর্ণব। তবে প্রযোজনায়ও যুক্ত হচ্ছেন আরো কয়েকজন। অর্ণবের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রীতম হাসান, ফুয়াদ আলমুক্তাদির, ইমন চৌধুরী ও শুভর মতো বিখ্যাত শিল্পীরা।
দ্বিতীয় সিজন নিয়ে কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, ‘নতুন সিজনের জন্য আমরা নতুন ধরনের গান ও শিল্পীদের নিয়ে কাজ করছি এবং নতুনত্ব আনার চেষ্টা করছি। এবার আমাদের সঙ্গে থাকছেন প্রবাসী বাংলাদেশী শিল্পীরাও। সারা বিশ্বের সংগীত নিয়ে কাজ করছি আমরা, কিন্তু আমাদের মূল ভাবনার জায়গাটি একই থাকছে। আশা করছি, আমাদের ভক্তরা হতাশ হবেন না। আমরা তাদের চমৎকার সব গান উপহার দিতে পারব।’
দ্বিতীয় সিজনের সঙ্গে যুক্ত হচ্ছে কনসার্ট। ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় সিজনের প্রথম গান প্রচার উপলক্ষে সারা দেশের দর্শক-শ্রোতাদের জন্য বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে যথাসময়ে জানিয়ে দেয়া হবে।
কোক স্টুডিওর নতুন সিজন নিয়ে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেন, ‘কোক স্টুডিও বাংলার প্রথম সিজন দারুণ সফল ছিল। ভক্তদের তুমুল সাড়া আমাদের অভিভূত করেছে, একই সঙ্গে দ্বিতীয় সিজনে আরো ভালো এবং বড় কিছু করার উৎসাহ জুগিয়েছে।’ বাংলাদেশসহ সারা বিশ্বের শ্রোতারা কোক স্টুডিও বাংলার গানগুলো শুনতে পাবে কোক স্টুডিও বাংলার অফিশিয়াল মিউজিক স্ট্রিমিং পার্টনার স্পটিফাই ও কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।










