নব্বইয়ের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর রামপুরার বাসা থেকে শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, চার-পাঁচদিন আগে তার মৃত্যু হয়েছে। এক সময়ের জনপ্রিয় এ গায়কের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। তবে রামপুরা থানার পুলিশ জানিয়েছে, শিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে রামপুরা থানার এসআই খান আবদুর রহমান জানান, মনি কিশোরের ফ্ল্যাটের দরজা ভেতরের দিক থেকে আটকানো ছিল। কয়েক দিন সে বাসা থেকে কোনো সাড়াশব্দ পাননি প্রতিবেশীরা। এক সময় গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজন জরুরি নম্বর সেবা ৯৯৯-এ কল দেন। পরে পুলিশ দিয়ে তার মরদেহ উদ্ধার করে।
মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। রেডিও-টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমার গানেও তেমন ছিলেন না। মূলত, অডিওতে চুটিয়ে কাজ করেছেন। তার জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য। তার সবচেয়ে শ্রোতাপ্রিয় গান ‘কী ছিলে আমার’ তারই সুর করা, তারই লেখা।
তিনি ২০টির মতো গান লিখেছেন ও সুর করেছেন। প্রসঙ্গত, মনি কিশোর তার পোশাকি নাম। প্রকৃত নাম মনি মণ্ডল। কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে নামের সঙ্গে ‘কিশোর’ জুড়ে নিয়েছিলেন।










