বিরতি কাটিয়ে আবার ফিরছে বৈষ্টমী রকফেস্ট। এর আগে গত বছর প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমী দেশব্যাপী আটটি কনসার্টের আয়োজনের লক্ষ্য থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে দুটি কনসার্ট আয়োজন করে থেমে যেতে হয় আয়োজকদের। বিরতি কাটিয়ে আবার চলতি বছর অনুষ্ঠিত হচ্ছে পরিকল্পনায় থাকা বাকি ছয়টি কনসার্ট। আজ পূর্বাচল নিউ টাউনে সুন্দরী ক্যাফে অ্যান্ড আর্ট স্পেসে চার ব্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কনসার্টটি।

বৈষ্টমী জানায়, আগের দুবারের মতো এবারো নতুন ও পুরনো প্রজন্মের ব্যান্ডের সমন্বয় থাকছে কনসার্টে। কনসার্টে পারফর্ম করবে নব্বইয়ের দশকের ব্যান্ড সিম্ফনী, এ সময়ের হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স, বাংলাদেশের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের ব্যান্ড এফ মাইনর। আরো পারফর্ম করবে রক ও থ্রাসমেটাল গায়ক কেএইচএন।

বৈষ্টমীর সিইও আয়শা এরিন বলেন, ‘গত বছর রাজধানীসহ আটটি বিভাগে কনসার্ট আয়োজনের স্বপ্ন ছিল। পরপর দুই মাসে দুটি কনসার্ট আয়োজনের পরই দেশে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। আমরা মনে করি, সংগীতের সে শক্তি রয়েছে, যা অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারে। আশা করি, গত বছরের অপূর্ণতা এবার আর থাকবে না। সমকালীন ব্যান্ডগুলোর পাশাপাশি আমরা চাই পুরনো জনপ্রিয় ব্যান্ডগুলো, যারা এখনো পারফর্ম করছে, তাদের যথাযথ সম্মানের সঙ্গে মঞ্চে আনতে।’

বৈষ্টমীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ১২ জুলাই। ওই দিন পারফর্ম করার কথা রয়েছে ভাইকিংস, আর্টসেল ও তরুণ প্রজন্মের আরেকটি ব্যান্ডের। আগামী ২৬ জুলাই মেগা কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে বৈষ্টমী। তবে ওই কনসার্টের ব্যান্ডগুলোর নাম প্রকাশ করতে চান না আয়োজকরা। রাখতে চান চমক হিসেবে।

আজ কনসার্ট শুরু হবে বিকাল ৫টায়, চলবে রাত ১০টা পর্যন্ত। এ কনসার্টের ইভেন্ট পার্টনার ইস্টিশন কমিউনিকেশনস। দর্শকের জন্য গেট খুলে দেয়া হবে বিকাল ৪টা ৪৫ মিনিটে। এবার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা, ৭০০ টাকা, ১ হাজার ২৫০ টাকা ও ২ হাজার ৫০০ টাকা।