ফ্রান্সিস ফোর্ড কপোলা। চলচ্চিত্র দুনিয়ায় তার পরিচিতি এক নামে। নির্মাণ করেছেন বিশ্বের অন্যতম সেরা সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘‌দ্য গডফাদার’। মারিও পুজোর লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিনেমা পার করেছে ৫০ বছর। কিন্তু গডফাদার ছাড়াও কপোলা নির্মাণ করেছেন সময় থেকে এগিয়ে থাকা কয়েকটি সিনেমা। এর মধ্যে নাম করতে হয় ‘‌অ্যাপোক্যালিপস নাউ’, ‘‌ব্রাম স্টোকারস ড্রাকুলা’ ও ‘‌দ্য রেইনমেকার’-এর। ৩২ বছর বয়সে ‘‌দ্য গডফাদার’ নির্মাণ করা কপোলা ৮৪ বছর বয়সে এসেও নিজেকে নিবেদিত রেখেছেন চলচ্চিত্র নির্মাণে। কাজ করছেন ‘‌মেগালোপলিস’ নিয়ে। সম্প্রতি তিনি জানালেন দীর্ঘ সময় রোম সাম্রাজ্য তাকে ভাবিয়েছে এবং রোম সাম্রাজ্য তাকে চলচ্চিত্র নির্মাণে অনুপ্রাণিত করেছে।

সম্প্রতি টিকটক ট্রেন্ডে তাকে প্রশ্ন করা হয়েছিল, রোম সাম্রাজ্য নিয়ে আপনি কতটা চিন্তা করেন? উত্তরে তিনি বলেন, ‘‌রোম সাম্রাজ্য নিয়ে আমি বহুদিন ভেবেছি। আমার দেশ যুক্তরাজ্য ও এর নানা বিষয়কে প্রভাবিত করেছে রোম সাম্রাজ্যের ব্যবস্থাপনা। এছাড়া রোম সাম্রাজ্যই আমার নতুন সিনেমা মেগালোপলিস নির্মাণে আমাকে অনুপ্রাণিত করেছে।’

টিকটক ট্রেন্ডে নানা সময়ই নানা ধরনের প্রশ্ন করা হয়। এবার রোম সাম্রাজ্য নিয়ে নানাজনকে প্রশ্ন করা হয়েছিল। তবে এ ট্রেন্ডে করা প্রশ্নের উত্তর থেকে দেখা গেছে পুরুষরা বলছেন তারা বেশির ভাগ সময় কোনো না কোনো কারণে রোম সাম্রাজ্য নিয়ে ভাবেন। এ সাম্রাজ্যের বিশালতার পাশাপাশি সম্রাট, ব্যবস্থাপনা ও স্থাপনা তাদের ভাবনার মূল বিষয়। কপোলার ক্ষেত্রেও তাই হয়েছে।

কপোলা আরো বলেন, ‘‌আমার আকর্ষণের মূল জায়গাটি হলো এর রাজনৈতিক পরিস্থিতি। রোমের রাজনৈতিক দলগুলো এক ধরনের সংকটের মধ্য দিয়ে গেছে। নানা সময় শক্তিশালী শাসকের উত্থান হয়েছে। তারা নিজেদের প্রতিষ্ঠা করেছে। আবার কখনো ক্ষতিগ্রস্তও হয়েছে।’ রোমের রাজনৈতিক দল, তাদের ভেতরকার লোকজন নিয়েই কপোলা বেশি আগ্রহ রাখেন তা বোঝা যায় এ উত্তর থেকে।

কপোলা অনেকদিন ধরেই কাজ করছেন তার নতুন সিনেমা মেগালোপলিস নিয়ে। এটি বেশ বড় পরিসরের সিনেমা হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। সিনেমাটি নিয়ে তিনি বেশি তথ্যও প্রকাশ করেননি। তবে বলা হচ্ছে, রোম সাম্রাজ্যের ভেতরকার নানা সংকট ঘটেছিল এর অভ্যন্তরীণ রাজনীতির কারণে। আর তা যে ফলাফল এনেছিল তা এখনো বিশ্বের মানুষকে ভাবায়। এর মধ্যে ছিল রোমের নিজস্ব রাজনৈতিক মতবিরোধ।

ফ্রান্সিস ফোর্ড কপোলার এ সিনেমা সম্ভবত হতে যাচ্ছে রোমের একটি বিকল্প ইতিহাস, যার পটভূমি নিউইয়র্ক। একে ‘‌নতুন রোম’ হিসেবে উপস্থাপন করবেন কপোলা। এতে অভিনয় করছেন শিয়া লাবেওফ, অ্যাডাম ড্রাইভার, ফরেস্ট হুইটেকার, নাতালি এমানুয়েল প্রমুখ। এছাড়া থাকছেন কপোলার বোন তালিয়া শায়ার।

চলচ্চিত্রটি কপোলা বহু আগেই নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। এর চিত্রনাট্য কপোলা লিখেছিলেন আশির দশকে। এবার তিনি চলচ্চিত্র নির্মাণ করছেন এবং এর জন্য বিনিয়োগ করেছেন প্রায় ১০ কোটি ডলার।


সূত্র: ভ্যারাইটি