ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা জুটি হিসেবে বেশ জনপ্রিয়। বেশকিছু সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করেছিলেন। তবে এরপর একটা বিরতি দেখা যায়। হঠাৎ করেই অজানা কারণে দুজনের যৌথ পথচলায় ছেদ পড়েছে। টানা দুই বছর দেখা যায়নি নতুন কোনো নাটকে। কিন্তু দর্শক এখনো তাদের একসঙ্গে দেখার ইচ্ছা রাখে।
অবশেষে সে বিরতি ভেঙে ফের এক ফ্রেমে দাঁড়ালেন জোভান-তিশা জুটি। নতুন নাটকে তাদের দেখা যাবে একসঙ্গে। আর এ কাজ করেছেন তরুণ নির্মাতা ইমরোজ শাওন। যোবায়েদ আহসানের রচনায় সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এ নাটকের নাম ‘কাপল অব দ্য ক্যাম্পাস’। সদ্য শুটিং শেষ হওয়া এ নাটকে জোভান অভিনয় করেছেন রাকিব চরিত্রে আর তিশার নাম রিদা। দুজনে একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। একজন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের নেতৃত্বে, অন্যজন সাংস্কৃতিক ক্লাবের। তাদের মধ্যে প্রেম কেমন করে গড়ে ওঠে আর তারপর কী হয় এ নিয়েই নাটক।
নির্মাতা বলেন, ‘তার মানে এই নয়, দুটি দলের প্রধান বলে তাদের মধ্যে মধুর বা প্রেমময় সম্পর্ক গড়ে উঠেছে। গল্পে মূলত তাদের দেখা যাবে বিরোধী অবস্থানে। এমনকি দুর্ঘটনাও ঘটে তাদের এ বিরোধের জেরে। গল্পটা প্রেমের বটে, তবে এটি দেখলে মূলত ক্যাম্পাস জীবনে ফিরে যাবে দর্শক।’
নাটকটি নিয়ে আশাবাদী এর নির্মাতারা। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এটি শিগগিরই উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।










