মুম্বাইয়ে নতুন রিয়েল এস্টেট কিনলেন কাজল। সম্প্রতি তিনি মুম্বাইয়ের ওশিয়াড়ায় ৭ কোটি ৬৪ লাখ রুপি ব্যয়ে একটি অফিস স্পেস কিনেছেন। জায়গাটি কাজলের পরিচিত। কেননা একই বিল্ডিংয়ে এর আগে ৪৫ কোটি রুপি খরচ করে অজয় দেবগন পাঁচটি ফ্ল্যাট কিনেছিলেন। ভারতের কয়েকটি গণমাধ্যম জানাচ্ছে, কাজলও ফ্ল্যাট কিনেছেন। কিছু গণমাধ্যম বলছে, তিনি মূলত অফিস স্পেস কিনেছেন।
ভারতের রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির মতে, কাজলের কেনা এ রিয়েল এস্টেটের পরিসর প্রায় ১৯৫ বর্গমিটার। এর অবস্থান বীর দেশাই রোডে। বেশির ভাগ বলিউড তারকাদের অফিস স্পেস আছে এ এলাকায়। এছাড়া আন্ধেরির ওশিয়াড়ায় বেশকিছু প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসও আছে।
একটি প্রতিবেদন অনুসারে, বীর সাভারকার প্রজেক্টের কাছ থেকে একটি প্রপার্টি নিয়েছেন কাজল। মূলত কাজল ও অজয় দেবগন উভয়ই বিভিন্ন শহরে তাদের সম্পদের পরিমাণ বাড়াচ্ছেন। এর মধ্যে বেশির ভাগই রিয়েল এস্টেট। এ বছরের শুরুর দিকেই অজয় দেবগন আন্ধেরির ওই বিল্ডিংয়ে পাঁচটি জায়গা কিনেছিলেন। অজয়ের কেনা স্পেসের পরিসর মোটামুটি ১৩ হাজার বর্গফুটের বেশি। এবার সেখানে কাজলও জায়গা কিনলেন। দুজন একত্রে কিছু পরিকল্পনা করছেন কিনা তা নিয়ে কিছু জানাননি এ তারকা জুটি।
তবে সেটা করতেই পারেন। কাজল একটি সিরিজসহ যুক্ত হয়েছেন কয়েকটি সিনেমায়। অজয়েরও ব্যবসা ভালো যাচ্ছে। এ বছর তার আয় বেড়েছে। তিনি লখনৌ ও আহমেদাবাদের সিনেমা চেইনে বিনিয়োগ করেছেন। কাজল এর আগে আরেকটি বিলাসী ফ্ল্যাট কিনেছিলেন, যার দাম প্রায় সাড়ে ১৬ কোটি রুপি।
সূত্র: লাইভ মিন্ট










