সময়টা এখন মার্ভেলের। সিনেম্যাটিক ইউনিভার্স বড় করার পাশাপাশি বাড়ছে এর পরিসর। মার্ভেল ফ্যানদের মধ্যে বাড়ছে মাল্টিভার্স তত্ত্বের জনপ্রিয়তা। এর মধ্যে আশা জাগিয়ে কিছুটা হতাশ করেছে ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস। কিন্তু সিনেমা হিসেবে ভালো হোক বা মন্দ, ডক্টর স্ট্রেঞ্জ যে মাল্টিভার্সকে দর্শকের আরো কাছে নিয়ে এসেছে, এতে কারো সন্দেহ নেই। একেকটা পোর্টাল খুলে দিয়ে এক জগৎ থেকে অন্য জগতে যাওয়ার বিষয়টি দর্শককে আকর্ষণ করেছে। মাল্টিভার্সের থিওরিটি ডক্টর স্ট্রেঞ্জকে দিয়েই প্রতিষ্ঠা করেছে মার্ভেল। গাঁজাখুরি নয়, রীতিমতো ব্যাখ্যাও আছে এর। স্পাইডার ম্যান: নো ওয়ে হোম সিনেমায় পিটার পার্কার বুঝিয়ে দিয়েছেন পুরো বিষয়টি গণিতের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। মার্ভেলের এ জনপ্রিয়তা দেখে তাদের পথেই হাঁটতে পারে ধুঁকতে থাকা ডিসি।
মার্ভেলের রয়েছে অসংখ্য চরিত্র এবং তাদের মধ্যে যোগসূত্র তৈরি করছে মাল্টিভার্স। চরিত্রের অভাব নেই ডিসি ইউনিভার্সেও। কিন্তু তারা মাল্টিভার্স তৈরি করবে কিনা বা করলেও তা বাস্তবায়ন কীভাবে করবে, তা চিন্তার বিষয়। জেমস গুন ও পিটার স্যাফ্রান তাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবছেন কিন্তু পদক্ষেপ কী হবে, তা স্পষ্ট নয়। কিন্তু ব্ল্যাক অ্যাডামের পোস্ট ক্রেডিট সিনে সুপারম্যানকে নিয়ে আসার মাধ্যমে ইউনিভার্সকে বড় করার ইঙ্গিতই দেয়া হয়েছিল। যদিও দুটো সিনেমাই বাতিল করেছে ডিসি স্টুডিও। এ বছর মুক্তির অপেক্ষায় থাকা ডিসির সিনেমা দ্য ফ্ল্যাশ। বলা হচ্ছে এ সিনেমায় ফিরবে জেনারেল জড। সুপারম্যানের এ খল চরিত্র ফ্ল্যাশে ফেরার অর্থ ইউনিভার্সের সঙ্গে ইউনিভার্সের সংযোগ।
১৯৯২ সালে মুক্তি পাওয়া ব্যাটম্যানে অভিনয় করেছিলেন মাইকেল কিটন। এরপর তাকে আর ব্যাটম্যানের স্যুটে দেখা যায়নি। ডিসির ফ্যানডম ইভেন্টের একটি ফুটেজ থেকে ধারণা করা হচ্ছে তিনিও ফিরবেন ডিসির নতুন পরিকল্পনার অংশ হিসেবে এবং নতুন জাস্টিস লিগের প্রধান হবে এ ব্যাটম্যান। স্নাইডারের ডন অব জাস্টিসে বেন অ্যাফ্লেকের ব্যাটম্যান, হেনরি ক্যাভিলের সুপারম্যান ও গাল গাদত ওয়ান্ডার ওম্যান হিসেবে ডিসির সিনেম্যাটিক ইউনিভার্সের জাস্টিস লিগ গঠনের সূচনা হয়েছিল। কিন্তু তারা ফিরছেন না এ কথা নিশ্চিত। সেখান থেকেই বলা হচ্ছে, কিটনের ব্যাটম্যানের সঙ্গে শাশা ক্যালির সুপারগার্ল এবং এজরা মিলারের ফ্ল্যাশ থেকে দুটো ভার্সন যোগ করে নতুন করে জাস্টিস লিগ তৈরি করা হবে।
স্নাইডারের পর এবার ডিসির লিগ তৈরি হবে আন্দ্রে মাসচিয়েতির হাতে। তিনি বলেন, ‘আমরা একটি জাস্টিস লিগ তৈরির চেষ্টা করছি, যদিও সেটি আমাদের পরিচিত লিগের মতো শক্তিশালী নয়। ব্রুস ওয়েনের ভাষায় এটি একটি অবসরপ্রাপ্ত দল।’ জেনারেল জডকেও ফেরানো হবে ফ্ল্যাশের মধ্য দিয়েই। সে হিসেবে দ্য ফ্ল্যাশ হতে যাচ্ছে ডিসির এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা। কিন্তু প্রশ্ন হচ্ছে ম্যান অব স্টিল যে জডকে হত্যা করেছিল, তাকে ফিরিয়ে আনার পদ্ধতিটা কী হবে? মার্ভেল যেভাবে তাদের গল্প পরিকল্পনামাফিক এগিয়েছিল ডিসির ক্ষেত্রে সে ধরনের কোনো লক্ষণ দেখা যায়নি। অর্থাৎ পুরো পরিকল্পনাটি এখন গোড়া থেকে শুরু করতে হচ্ছে।
মাইকেল কিটনের বয়স এখন সত্তরের বেশি। ভিজিলান্তে বা কেপ ক্রুসেডার হিসেবে তাকে কতটা মানাবে? স্নাইডার যে ইউনিভার্স তৈরি করেছিলেন, সেখানে নতুন করে আন্দ্রে কী এনে জোটাবেন, সেটাও একটি প্রশ্ন। মাসচিয়েতি তার জাস্টিস লিগ তৈরি করবেন, এতেও সন্দেহ থাকে না কিন্তু এ লিগের স্থায়িত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে নতুন করে। জেমস গুন কথা দিয়েছিলেন, তিনি ডিসিকে নতুন করে সাজাবেন কিন্তু সেটা মার্ভেলের অনুকরণে হলে ডিসির দর্শকরা পছন্দ করবে বলে মনে হয় না। সেক্ষেত্রে ডিসির ভক্ত ও নানা সংবাদমাধ্যম মনে করছে এ চরিত্রগুলোকে শেষবারের মতোও দেখা যেতে পারে। ডিসি মূলত দর্শককে আকর্ষণ করার জন্য একটি গিমিক তৈরি করবে, যেখানে মাইকেল কিটনের চরিত্রের স্ক্রিন টাইম হতে পারে মাত্র ২০ সেকেন্ড। মূলত ডিসিকে মাল্টিভার্সে নেয়া যায় কিনা, সেটাই দেখবেন মাসচিয়েতি।
দ্য গার্ডিয়ান অবলম্বনে মাহমুদুর রহমান










