অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত ছবি সূর্যবংশী মুক্তি পাবে আগামী ৫ নভেম্বর। অনেকদিন পর ভারতের সিনেমা হলে মুক্তি পাচ্ছে বড় ছবি। বলিউডের দর্শক, তারকা, সমালোচক সবাই আগ্রহ নিয়ে চেয়ে আছেন সূর্যবংশীর দিকে। বলিউডের অনেক তারকাও ছবিটির মুক্তি নিয়ে, ছবির সমর্থনে টুইট করছেন। কারণটা বোধহয় বলিউডের সামষ্টিক স্বার্থ। সূর্যবংশী সফল হলে অন্যদের আসন্ন ছবির জন্যও তা সুখবর হবে।
বড় পর্দায় সূর্যবংশীর মুক্তি এবং ব্যবসা যেন ঝামেলামুক্ত থাকে সেজন্য এ ছবির বাইরের একজন বড় তারকাও ভূমিকা রেখেছেন এবং তিনি সালমান খান। সালমান তার নতুন ছবি অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ মুক্তি দিতে চেয়েছিলেন দীপাবলিকে সামনে রেখেই। তারও পছন্দের তারিখ ছিল ৫ নভেম্বর। সূর্যবংশীর পরিচালক ও প্রযোজক রোহিত শেট্টি এ গুঞ্জন শুনে তাড়াতাড়ি হাজির হন সালমান খানের কাছে। রোহিত সালমানকে অনুরোধ করেন অন্তিমের মুক্তি পেছাতে, যেন সূর্যবংশী বক্স অফিস ফাঁকা পায়। সালমানকে তিনি বলেছেন, সূর্যবংশীর মতো বড় বাজেটের ছবি সোলো রিলিজ না হলে দরকারি ব্যবসা করতে পারবে না।
সালমান খানও রোহিম শেট্টির সঙ্গে একমত হন। কারণ অন্তিম মুক্তি পেলে স্ক্রিন এ দুই ছবির মধ্যে ভাগ হয়ে যাবে। ফলে ক্ষতিগ্রস্ত হবে দুটো ছবিই। ক্ষতির পরিমাণটা অবশ্য সূর্যবংশীরই বেশি হবে। কারণ এটির বাজেট বেশি। সালমান এসব বিবেচনায় নিয়ে অন্তিমের মুক্তির তারিখ ৫ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পিছিয়ে দিয়েছেন।
সালমান খানের উপস্থাপনায় বিগ বস ফিফটিনে সূর্যবংশীর প্রচারণা চালাবেন রোহিম শেট্টি ও ছবির নায়িকা ক্যাটরিনা কাইফ। শুক্রবার এ পর্বের শুটিং হয়েছে।
বলিউড পর্যবেক্ষকরা বলছেন, ইন্ডাস্ট্রির এ দুর্দিনে এ রকম পারস্পরিক সহযোগিতা সুখবর বয়ে আনবে। রোহিত শেট্টি প্রায় দুই বছর ধরে তার বড় বাজেটের এ ছবি মুক্তির অপেক্ষায় ছিলেন। তাই সালমানের কাছে তার অনুরোধটি ছিল গুরুত্বপূর্ণ। সালমানও তার সহকর্মীর প্রতি দায়িত্ব পালন করেছেন। রোহিত ওটিটি প্লাটফর্মেও যাননি এবং এ পরিপ্রেক্ষিতে বলিউডের সহকর্মীদের এমন সমর্থন তার জন্য জরুরি ছিল। আরো জানা যাচ্ছে, সূর্যবংশী মুক্তির এক সপ্তাহের মধ্যে বলিউডে কোনো ছবি মুক্তি পাবে না।
সূত্র: বলিউড হাঙ্গামা










