বিশ্বজুড়ে অনেক ব্যান্ডের নাম তো শুনেছেন। তাদের সম্পর্কে জেনেছেনও। অনেক ব্যান্ডের ভক্ত ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। আবার ব্যান্ড মানেই কয়েকজন সমমনা ব্যক্তির একটি দল। স্বাভাবিকভাবেই সে দলে বিভিন্ন বয়সের সদস্যের উপস্থিতি থাকবে। কিন্তু ‘বুড়োদের ব্যান্ড’ সম্পর্কে খুব কম সংগীতপ্রেমীই হয়তো জেনে থাকবেন। ব্যান্ড মিউজিক সম্পর্কে অনেক বেশি জানাশোনা থাকলে হয়তো তাদের চিনতে পারেন। জাপানের পপ ঘরানার এ ব্যান্ডের সব সদস্যই আক্ষরিক অর্থে বৃদ্ধ। বয়সের হিসাবে সিনিয়র সিটিজেন। ব্যান্ডটির সবচেয়ে কম বয়সী সদস্যের বয়স ৬৫ বছর। আর সবচেয়ে বড় জনের বয়স ৮৭ বছর। ২০১৬ সালে আত্মপ্রকাশ করে এ ব্যান্ড। এর নাম জেআই-পপ। তাদের প্রথম সিঙ্গেল ট্র্যাকটির শিরোনাম ‘হুররে ফর ওল্ড এজ’। অর্থাৎ বয়স তাদের কাছে নিছক একটি সংখ্যা। জীবনকে উদযাপনে তা যে কোনো বাধা হতে পারে না, জেআই পপের সদস্যরা প্রতিনিয়ত তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। ব্যান্ডের যাত্রার পর জাপানে বেশ জনপ্রিয়তা পেয়েছে জেআই-পপ।
জাপানের ব্যতিক্রমী এ ব্যান্ডের সদস্য পাঁচজন। তারা হলেন নোরিহিরো তানিওকা, আকিরা ওদাকা, ইওয়াও ইয়ামামোতো, ইয়োশিনোরি দেকি ও হিদেতাদা ইয়ামাদা।
সূত্র: ইয়ন










