যুক্তরাজ্যের রাজা হিসেবে চার্লসের অভিষেকের তারিখ নির্দিষ্ট হয়েছে। এটিকে কেন্দ্র করে একটি বৈশ্বিক ইভেন্ট আয়োজনের পরিকল্পনা হয়েছিল। সে তালিকায় সংগীত পারফরমারদের মধ্যে এড শিরান ও অ্যাডেলে ছিলেন শুরুর দিকে। অভিষেকের দিন আগামী ৬ মে নির্দিষ্ট হয়েছে, যা শেষ হবে ৭ মে। এর মধ্যে কোনো একদিন পারফর্ম করার কথা শিরান ও অ্যাডেলের। কিন্তু তারা পারফর্ম করতে আপত্তি জানিয়েছেন।
এড শিরান পারফর্ম করতে অপারগতা জানিয়েছেন এবং কারণ হিসেবে জানিয়েছেন, অভিষেকের আগের দিন টেক্সাসে তার একটি কনসার্ট রয়েছে। কিন্তু অ্যাডেলে কোনো কারণ এখনো জানাননি। এ বিষয়ে ইয়ন একটি প্রতিবেদনের বরাত দিয়ে জানায়, পারফরমারদের প্রস্তাব দেয়া ও রাজি করিয়ে নিয়ে আসার জন্য আলাদা একটি টিম তৈরি করেছে রাজপরিবার। তাদের তরফ থেকেই এ দুই শিল্পীর কাছে অভিষেক অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু তারা আলাদাভাবে নিজের অপারগতা ও অনাগ্রহ প্রকাশ করেছেন। প্রাসাদ কর্তৃপক্ষের জন্য বিষয়টি হতাশাজনক, বিশেষত অ্যাডেলে ও এড শিরানকে তারা বৈশ্বিক সংগীত আইকন হিসেবে বিবেচনা করে এ প্রস্তাব করেছিল।
এ দুই ইংরেজ শিল্পীকে ইংল্যান্ডের রাজার অভিষেক অনুষ্ঠানে পাওয়ার ব্যাপারে রাজপরিবার ও প্রাসাদ কর্তৃপক্ষ নিশ্চিত ছিল। কিন্তু তাদের এ অপারগতা জাতির জন্যই লজ্জাজনক বলে মনে করেন প্রাসাদ কর্তৃপক্ষ। তবে এ কারণে অভিষেক আয়োজনে কোনো কমতি রাখা হবে না। শিরান ও অ্যাডেলে বাদেও প্রাসাদ কর্তৃপক্ষের কাছে দীর্ঘ তালিকা রয়েছে। তবে সেসব নাম প্রকাশ হয়নি। গুঞ্জন রয়েছে লিওনেল রিচি ও স্পাইস গার্লস থাকতে পারে অভিষেক কনসার্টে। এছাড়া গ্র্যামির পর হ্যারি স্টাইলসকে নিয়ে আসার পরিকল্পনাও থাকতে পারে।
তবে তালিকায় নেই প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের নাম। তারা আদৌ অভিষেকে আমন্ত্রিত হবেন কিনা, তা নিয়ে জোর আলোচনা হচ্ছে। হ্যারি ও মার্কেল নিজেদের মতোই থাকতে পছন্দ করেন। সম্প্রতি রাজপরিবারের সঙ্গে তাদের বিরোধ প্রকাশ্যে এসেছে। নেটফ্লিক্সের সিরিজে হ্যারি-মেগানের উপস্থিতির পাশাপাশি হ্যারির আত্মজীবনী প্রকাশ হওয়ার পর এ বিরোধ চরমে উঠেছে। তাই ধারণা করা হচ্ছে, চার্লসের অভিষেক অনুষ্ঠানে তারা আমন্ত্রিত হবেন না।
সূত্র: ইয়ন










