বলিউডের বিখ্যাত গানগুলোয় সাধারণত শাহরুখ খান ও মিকা সিংকে একসঙ্গে পাওয়া বেশ দুষ্কর। তবে ক্যামেরার পেছনের জগতে এ দুই তারকার মধ্যকার বন্ধুত্ব কিন্তু বেশ গভীর। বিভিন্ন সাক্ষাৎকারে তাদের কথায় উঠে এসেছে বন্ধুত্বের নানা খুনসুঁটি।

তেমনি সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বলিউড বাদশার সঙ্গে ড্রাইভে যাওয়ার অভিজ্ঞতার কথা বলেন মিকা। হৃতিক রোশনের জন্মদিনের অনুষ্ঠানের পর শাহরুখ খান মিকার গাড়ি চালিয়ে ঘুরতে নিয়ে যান সবাইকে। সে সময় রণবীর সিং ছিলেন গাড়ির ট্রাংকে। এরপর সে গাড়ি আবার তিন মাস রেখেছিলেন শাহরুখ।

পিংকভিলাকে দেয়া ওই সাক্ষাৎকারে এমনই অবাক করা তথ্য দিয়েছেন মিকা সিং। তিনি বলেন, ‘নিজের জন্মদিনের অনুষ্ঠানের পর হৃতিক রোশন চেয়েছিলেন শাহরুখ, মিকাসহ সবাইকে নিয়ে নিজের রোলস-রয়েসে ঘুরতে যাবেন। ঘড়িতে তখন ভোর ৫টা। আমি বললাম, যে গাড়িতে সবাই যেতে পারব, সেটায়ই আমি যাব। পরে দেখলাম, হৃতিকের গাড়িতে আমাদের সবার যাওয়া সম্ভব নয়।’

পরে মিকার হামার নিয়ে বের হওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু গাড়ি চালাবে কে? মিকার সঙ্গে মীমাংসা করে গাড়ির চালকের সিটে বসলেন শাহরুখ। মিকার ভাষ্যে, শাহরুখ চালিয়েছেন বলেই সে গাড়ি এখনো আমার কাছে আছে।

সেদিন শাহরুখ, মিকা, হৃতিক ছাড়াও সেখানে গৌরী খান, সঞ্জয় কাপুর, মহিপ কাপুর ছিলেন। প্রথমে রণবীর ছিলেন না। পরে এসে বললেন, তিনিও যাবেন। সিট না থাকায় অগত্যা গাড়ির ট্রাংকে বসতে হয়েছে তাকে।’

মিকা বলেন, ‘সেদিন সকাল ৭-৮টা পর্যন্ত আমরা পার্টি করেছি। গাড়িতে সবার বসার ভিডিও আছে আমার কাছে। কিন্তু সেটা কোনোদিন প্রকাশ করব না।’

সূত্র ও ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস