ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব গলফ
অব নেপলস ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভাল। এর দশম অধিবেশনে পূর্ণদৈর্ঘ্য
চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত ‘ময়না’। আলিম উল্লাহ খোকনের কাহিনী ও
প্রযোজনায় ময়না সিনেমার চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম
মেঘ।
বাংলাদেশের গ্রামীণ প্রান্তিক পর্যায়ের মধ্যবিত্ত
পরিবারের উচ্চাভিলাষী একটি মেয়ের বেড়ে ওঠা এবং সাংসারিক জীবনের
কঠিন বাস্তবতায়, শহরের সংগ্রামী দিনগুলো ফুটে উঠেছে ময়না
চলচ্চিত্রে। ময়না সিনেমায় অভিনয় করেছেন রাজ রিপা, কায়েস আরজু, আমান রেজা,
আফ্ফান মিতুল, জিলানী, সুব্রত, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, খলিলুর রহমান কাদরী,
সূচনা সিকদার, আনোয়ার, সীমান্ত, স্মৃতি রানী দেবী, তাহমিনা মোনা, মন্টু, সোহেল, সাব্বির, শিশু
শিল্পী জান্নাতুল ভোর, বিশেষ চরিত্রে আপন ও শিশির সরদার।
ময়না সিনেমার প্রযোজক আলিম উল্লাহ খোকন বলেন, ‘ময়নার আন্তর্জাতিক
সাফল্যে আমরা মুগ্ধ। আমরা যেমন নায়ক-নায়িকা তৈরি করেছি, তেমনি নতুন
পরিচালকও তৈরি করেছি। আমাদের ময়না বিভিন্ন দেশের উৎসবে প্রশংসিত
হচ্ছে, আশা করছি বাংলাদেশেও এটি ব্যবসাসফল ও প্রশংসিত
হবে।’
ময়না সিনেমার পরিচালক মনজুরুল ইসলাম মেঘ বলেন, ‘ইউরোপের একটি উৎসবে বাংলাদেশের সিনেমা মনোনীত হওয়া মানেই আমাদের কাছে পুরস্কার পাওয়ার আনন্দের থেকে বেশি। গলফ অব নেপলস ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল ইতালির অত্যন্ত মর্যাদাবান চলচ্চিত্র উৎসব। এ উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় স্থান পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ইতালি, মেক্সিকো, মরোক্ক ও বাংলাদেশের সিনেমা। এশিয়ার একমাত্র চলচ্চিত্র হিসেবে লড়বে ময়না, এটি বাংলা চলচ্চিত্রের জয়।’
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাবে ময়না।










