বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর আইকনিক ‘মেরি হাতো মে’
গানটি ভারতে তুমুল জনপ্রিয়। সম্প্রতি সেই গানে সুর মিলিয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পাকিস্তানের অভিনেত্রী আয়েজা খান। আর তাতেই প্রশংসায় ভাসছেন আয়েজা, তার ভিডিওটিও ভাইরাল। আয়েজা জানিয়েছেন, শ্রীদেবী তার প্রিয় অভিনেত্রী এবং তার প্রেরণা। আয়েজা ইনস্টাগ্রামে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। ইনস্টায় তার ফলোয়ার এক কোটির বেশি।
ভিডিওতে আয়েজা খানকে গোলাপি ও কমলা রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে। কানের দুল, জামার সঙ্গে মিলিয়ে চুড়ি এবং মাথায় টিকলিতে আয়েজা খানকে দেখে নেটিজেনদের শ্রীদেবীর কথাই মনে পড়েছে। গানের সঙ্গে তার নাচ দেখে মনে হচ্ছে সত্যিই শ্রীদেবী নাচছেন।
ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘গিতির বিয়ে—আপনি কি তৈরি?’
‘মেরি হাতও মে...চুড়িয়া
হে’
হিন্দি চাঁদনি সিনেমার জনপ্রিয় গান। ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বিনোদ খান্না ও ঋষি কাপুর। এটি বলিউডের জনপ্রিয় একটি ক্ল্যাসিক সিনেমা।
সিনেমায় প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী চরিত্রটি কেমন ছিল তা তিনি একটি সাক্ষাত্কারে জানিয়েছিলেন। সাধারণত তার চরিত্রগুলো থাকত মেলোড্রামাটিক এবং এ ছবিতেই তিনি প্রথম সে ইমেজ ভেঙে বেরিয়ে আসেন এবং এটি শ্রীদেবীর পছন্দের একটি কাজ ছিল। ২০১৮ সালে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় জনপ্রিয় এ অভিনেত্রীর। দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে শ্রীদেবী মারা যান। এদিকে আয়েজা খান পাকিস্তানের একজন টেলিভিশন অভিনেত্রী। তিনি মেহর পোশ, চুপকে চুপকে, ইয়ারিয়া, মেরে মেহেরবান, জার্দ মসম শিরোনামের জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া









