আলিয়া ভাটের জন্য নিঃসন্দেহে ২০২২ ছিল অর্জনের বছর। এ বছর ব্যবসাসফল তিনটি সিনেমা উপহার দেন তিনি। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, ব্রহ্মাস্ত্র ও আরআরআর—প্রতিটি সিনেমা জয় করে নিয়েছে দর্শকের মন। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের সেরা অভিনয়ের তালিকায় উঠে এসেছে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি চরিত্রটি। 

অভিনয়ের পাশাপাশি ডার্লিংস সিনেমা প্রযোজনার মধ্য দিয়ে প্রযোজকের তালিকায় যুক্ত করেছেন নিজের নাম। গৌরী খানের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেন তিনি। গত ৫ আগস্ট জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে সম্প্রচার শুরু হয় ডার্ক কমেডি ঘরানার সিনেমাটির। সমালোচকদের উচ্চকিত প্রশংসা লাভ করে এ সিনেমা। মা ও মেয়ের চরিত্রে আলিয়া ভাট ও শেফালী শাহর দুর্দান্ত অভিনয়ে মুগ্ধতার রেশ এখনো কাটেনি দর্শকের। 

আলিয়া গত বছর ছাপ রেখেছেন হলিউডেও। হার্ট অব স্টোন সিনেমার মাধ্যমে শুরু হয়েছে তার হলিউড যাত্রা। ব্যবসায়ী হিসেবেও নিজেকে প্রমাণের প্রয়াস চালাচ্ছেন মহেশ ভাটকন্যা, বাজারে এনেছেন নতুন পোশাকের ব্র্যান্ড। নাম এড-এ-মাম্মা। ব্যক্তিগত জীবনে প্রবেশ করেছেন নতুন সম্পর্কে। রণবীর কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। রাহা নামে এক ফুটফুটে কন্যা শিশুর মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। সব মিলিয়ে সিনেমার মতো একটি বছর পার করেছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক আলাপচারিতায় আলিয়া বলেন, ‌‘‌পেশাগত ও ব্যক্তিগত উভয় দিক দিয়ে বছরটি বেশ ভালোভাবেই কেটেছে। কোনোকিছু নিয়ে বড় কোনো প্রতিকূলতার সম্মুখীন আমাকে হতে হয়নি, যদিও প্রতিটি ধাপ ছিল পরাবাস্তব। ২০২২ আমার জন্য যেভাবে উন্মোচিত হয়েছে, আমার কাছে তা সিনেমার মতো মনে হয়েছে। হতে পারে তা গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, আরআরআর অথবা ব্রহ্মাস্ত্র; বহু বছরের প্রস্তুতি এবং অনুমান বাস্তবে রূপ নিয়েছে। সঞ্জয় লীলা বানসালী স্যার, রাজামৌলী স্যারের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি। আমার প্রথম প্রযোজিত সিনেমা ডার্লিংস। আর অবশ্যই, ব্রহ্মাস্ত্র, বহু বছর ধরে যেটির কাজ চলছিল।’

তার কথায়, গত বছর সবকিছু অবিশ্বাস্য রকম ভালো হয়েছে তার জীবনে। 


সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস