দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০ জানুয়ারি এ উৎসবের দ্বাবিংশতম আসর বসেছিল। নয় দিনব্যাপী এ উৎসবের পর্দা নামল গতকাল। জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা অডিটরিয়ামে বিকাল ৪টায় শুরু হয়েছিল সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি নির্মাতা মাজিদ মাজিদি ও ভারতের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেনস ফিল্ম সেকশনে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি চলচ্চিত্র দেখানো হয়। গতকাল অতিথি, জুরি ও বিভিন্ন দেশ থেকে আসা নির্মাতা, প্রযোজকদের উপস্থিতিতে ঘোষণা করা হয় এবারের উৎসবে বিজয়ী চলচ্চিত্র, তথ্যচিত্র, নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রগ্রাহকের নাম।
অডিয়েন্স পুরস্কারজয়ী হয়েছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’। বিশেষ অডিয়েন্স পুরস্কার পেয়েছে ‘বিজয়ার পরে’। বাংলাদেশ প্যানোরমা বিভাগে সেরা চলচ্চিত্র অ্যাওয়ার্ড পেয়েছে পান্থ প্রসাদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’। এ সিনেমায় কাহিনীকার তুষার আবদুল্লাহর গল্প এগিয়ে চলেছে সাবিত্রী নামের এক চা শ্রমিককে কেন্দ্র করে। যিনি মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের লাঞ্ছনার শিকার হয়েছিলেন। এ আসরে চীনা চলচ্চিত্র ‘দ্য কর্ড অব লাইফ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন বেদেমা। আর ‘চালচিত্র এখন’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অঞ্জন দত্ত।
বাংলাদেশ প্যানারোমার ট্যালেন্ট বিভাগে সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমা হিসেবে বিজয়ী হয়েছে বৈশাখী সমাদ্দারের ‘দ্য উইনিং’। এ বিভাগে প্রথম রানার আপ হয়েছে শুভাশীষ সিনহার ‘ইনাফি’, দ্বিতীয় রানার আপ হয়েছে জিয়াউল হক রাজুর ‘অন্তহীন পথে’। ঢাকা চলচ্চিত্র উৎসবের অন্যতম বিভাগ উইমেন ফিল্ম মেকার্স। এ বিভাগে সেরা ফিচার ফিল্ম হয়েছে ইরানের সিনেমা ‘জাঙ্কস অ্যান্ড ডলস’। সেরা তথ্যচিত্র যুক্তরাষ্ট্রের ন্যান্সি সেভেনডসেনের ‘পাসাং: ইন দ্য শ্যাডো অব এভারেস্ট’। ‘হাউ টু গেট ইওর ম্যান প্রেগন্যান্ট’ সিনেমার জন্য সেরা নির্মাতা হয়েছেন দক্ষিণ কোরিয়ার গোয়েনং মু-নো। স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে বাংলাদেশের শর্টফিল্ম ‘মুক্তি’। এটির নির্মাতা চৈতালি সমাদ্দার।
সেরা শিশুতোষ সিনেমা হয়েছে বিপুল শর্মা পরিচালিত ভারতীয় সিনেমা ‘প্রবাস’। শ্রীলংকান সিনেমা ‘হুইসপেরিং মাউন্টেইনস’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন জগথ মনুয়ারা। স্পিরিচুয়াল বিভাগে সেরা ফিচার ফিল্ম ‘দেয়ার অ্যান্ড ব্যাক’। সেরা তথ্যচিত্র হয়েছে কিউবার ‘কুনানফিনদা: দ্য ল্যান্ড অব ডেথ’। এ বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে গোলাম রাব্বানীর ‘সুরত’।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে মাস্টারক্লাস। উৎসবের অষ্টম দিনের আকর্ষণ ছিল মাস্টারক্লাস। জাতীয় জাদুঘরের মূল অডিটরিয়ামে বেলা ১১টায় প্রথম মাস্টারক্লাসে অংশ নেন চীনা প্রযোজক ড. শি চুয়ান। বেলা আড়াইটায় শুরু হয় ইরানি নির্মাতা মাজিদ মাজিদির ক্লাস। ২ ঘণ্টা ব্যাপ্তির এ সেশনে সিনেমা নিয়ে কথা বলেন তিনি। বিকাল ৫টায় শেষ মাস্টারক্লাসটি ছিল ভারতের গায়ক, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্তের। মাস্টারক্লাস শেষে সন্ধ্যায় গান গেয়ে শোনান অঞ্জন।










