দীপিকা পাড়ুকোন শুধু বলিউডের প্রথম সারির অভিনেত্রীই নন, তার আরো বেশ কয়েকটি উল্লেখ করার মতো পরিচয় আছে। মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে তিনি কাজ করেন। তিনি একজন উদ্যোক্তাও। তার আছে নিজস্ব সেলফ-কেয়ার ব্র্যান্ড—এইটিটু ইস্ট। আপাতত ত্বকের যত্নে বিভিন্ন প্রডাক্ট নিয়ে কাজ করছে এ ব্র্যান্ড। সম্প্রতি দীপিকার এইটিটু ইস্ট বাজারে এনেছে অশ্বগন্ধা বাউন্স ময়েশ্চারাইজার ও প্যাচৌলি গ্লো সানস্ক্রিন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাজারে প্রবেশ করল এইটিটু ইস্ট। এ ব্র্যান্ডের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হচ্ছে যে তারা ভারতীয় উপকরণ ও বৈজ্ঞানিক তত্ত্ব কাজে লাগিয়ে গ্রাহককে কার্যকরী প্রডাক্ট উপহার দিতে চান। ব্র্যান্ডের নামেও এ কারণে ইস্ট বা পূর্ব শব্দটি যোগ করা হয়েছে।
ক্লিনিক্যাল টেস্টের পর অশ্বগন্ধা বাউন্স ও প্যাচৌলি গ্লো বাজারে ছাড়া হয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এগুলো সবই ভেগান প্রডাক্ট। দীপিকা বলেছেন, ‘আমার শারীরিক যত্নের একটা গুরুত্বপূর্ণ অংশ ত্বকের যত্ন। এক্ষেত্রে আমি সবসময়ই সাদামাটা কিন্তু কার্যকরী প্রডাক্ট ব্যবহার করি। আমাদের ব্র্যান্ডের প্রথম দুটি প্রডাক্ট এই সরল ও কার্যকারিতার দর্শনকে সামনে রেখে তৈরি করা হয়েছে। অশ্বগন্ধা বাউন্স ও প্যাচৌলি গ্লোর মাধ্যমে আমি ত্বকের যত্নের ক্ষেত্রে সরল থাকার যে দর্শন বিশ্বাস করি, তা বাস্তব হয়ে উঠল।’
দীপিকা জানিয়েছেন, দুই বছর ধরে তারা এ প্রডাক্ট দুটো নিয়ে গবেষণা করেছেন। এ ব্র্যান্ডে দীপিকার একজন পার্টনার আছেন, তিনি জিগার কে শাহ। জিগারের কথায়, ভারতে স্কিন কেয়ার ইন্ডাস্ট্রি দ্রুত বিকশিত হচ্ছে। এইটিটু ইস্টের নিজস্ব ই-কমার্স ব্যবস্থাপনা আছে। তাদের ওয়েবসাইট থেকে বিশ্বজুড়ে প্রডাক্ট বিক্রির ব্যবস্থা আছে। ওয়েবসাইটে মডেল হিসেবে দীপিকাকে দেখা যায়। আছে তার নিজস্ব বার্তাও।
অশ্বগন্ধা বাউন্সের দাম ২ হাজার ৭০০ রুপি আর প্যাচৌলি গ্লো ১ হাজার ৮০০ রুপি।
অন্যদিকে কর্মক্ষেত্রে দীপিকা অপেক্ষায় আছেন সামনের বছর পাঠানের মুক্তি জন্য। এ ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে তাকে। এর মধ্যে ছবিতে তার প্রথম লুক প্রশংসা পেয়েছে। তাকে বড় পর্দায় সর্বশেষ দেখা গিয়েছিল গেহরাইয়া সিনেমায়।
সূত্র: বলিউড হাঙ্গামা










