ক্যাটরিনা কাইফ ৪০-এ পা রাখলেন। কিন্তু চালশে যে হয়ে যাননি, তার প্রমাণ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। বলিউডের অন্যতম তারকা অভিনেত্রী তিনি। এ ইন্ডাস্ট্রিতে তার ২০ বছরের ক্যারিয়ার। একটু একটু করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তবে নামের আগে ‘অ্যাক্টর’ তকমা লাগাতে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। অভিনয় প্রতিভা দিয়ে প্রশংসা কুড়ানোর আগে কেবল গ্ল্যামার ও নাচের জন্য পরিচিত ছিলেন ক্যাটরিনা কাইফ। কিন্তু অভিনয়শিল্পী হওয়ার প্রচেষ্টা সবসময়ই তার মধ্যে ছিল। সে অধ্যবসায়ের ধারাবাহিকতায় অবশেষে সাফল্য আসে তার জীবনে।
৪০-এ দাঁড়িয়ে নিজের অতীতকে মূল্যায়ন করার চেষ্টা করেছেন ক্যাটরিনা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের পথচলা নিয়ে কথা বলেছেন তিনি। ক্যাটরিনা জানান, যেকোনো মানুষের জীবনে ইতিবাচকভাবে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমি মনে করি, এটি খুবই চমৎকার। আপনাকে এগিয়ে যেতে হবে এবং প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করতে হবে।’
২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ক্যাটরিনার। তবে সিনেমাটি তাকে সুখকর কোনো অভিজ্ঞতা দেয়নি। এ কারণে নিজের ফিল্মোগ্রাফি থেকে সিনেমাটির নাম মুছে ফেলতে চান তিনি। শুরুর দিকে অনেক গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করার পর তিনি রাজনীতি, জিরো, নিউইয়র্ক, নমস্তে লন্ডন, ভারত ও টাইগার ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলোর মাধ্যমে নিজের অভিনয়ের ঝলক দেখিয়েছেন। প্রতিনিয়ত বাড়িয়েছেন নিজের অভিনয় দক্ষতা। ক্যাটরিনা বলেন, ‘আমি খুশি। কারণ আমি অভিনয়ে উন্নতি করছি।’
ক্যারিয়ারে দুই দশক পেরিয়ে যখন আগের কাজগুলো দেখেন, তখন অনেক কিছুই তার কাছে হাস্যকর মনে হয়। ক্যাটরিনা বলেন, ‘শুরুর দিকের কোনো কাজ যখন আমি দেখি কিংবা অনলাইনে সেসব কাজের কোনো ভিডিও ক্লিপ আমার সামনে আসে, আমি সেগুলো দেখে হাসি। আমি ভাবি, আমি কতটা হাস্যকর কাজ করেছি! কিন্তু সর্বোপরি, আমি ভালো একটি সময় কাটিয়েছি।’ দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে অর্জিত অভিজ্ঞতার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করেন তিনি। তিনি বলেন, ‘ক্যারিয়ারে আমি উত্থান, পতন, ভালো, খারাপ সবকিছুই দেখেছি। যা কিছুর মধ্য দিয়ে আমি গিয়েছি, সবকিছুর জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।’ তবে ক্যারিয়ারের এ জার্নি তার কাছে একই সঙ্গে কঠিন ও ক্লান্তিকরও বটে। তাই তিনি আর পেছনে তাকাতে চান না। ক্যাটরিনা বলেন, ‘আমি সত্যিই পেছনে তাকাতে চাই না। যা হওয়ার তা হয়েছে। আমি কেবল সামনেই তাকাচ্ছি।’
ক্যারিয়ারের যাত্রায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজের চাওয়া সম্পর্কে সম্পূর্ণ পরিষ্কার এ অভিনেত্রী। তিনি জানান, শুরুর দিকে চরিত্র বাছাইয়ের কোনো সুযোগ তার ছিল না। কিন্তু এখন তিনি জানেন, কোন চরিত্রগুলো তিনি করতে চান। এখন থেকে বেছে বেছে পছন্দসই চরিত্রই করবেন বলিউডের এ লাস্যময় অভিনেত্রী।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










