অতুলনীয় কণ্ঠ দিয়ে অসংখ্য ভক্তকে সুরের মায়ায় আচ্ছন্ন করে রেখেছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী লতা মুঙ্গেশকার। ৯২ বছর বয়সে আজ রোববার ইহলোক ত্যাগ করেন তিনি। অসামান্য প্রতিভা ছাড়াও নিজ ব্যক্তিত্বে অতুলনীয় ছিলেন লতা। জাতীয় তো বটেই, আন্তর্জাতিক খ্যাতির শীর্ষে থাকলেও ছিলেন একেবারে সাধারণ।
২০০৯ সালে ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নিজ সম্পর্কে কিছু কথা বলেছিলেন ভারতীয় সর্বোচ্চ সম্মননা প্রাপ্ত লতা। তাকে প্রশ্ন করা হয়েছিল- ব্যক্তিগত এবং পেশাদারিত্বের দিক থেকে তার সবচেয়ে বড় অর্জন কোনটি। লতা বলেছিলেন, অনেক সংগীত শিল্পী আছেন যারা আমার চেয়ে ভালো কাজ করেছেন, ভবিষ্যতেও অনেকে ভালো করবেন। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অর্জন।
নিজের জীবনের অর্জন নিয়ে ‘একবার বিদায় দে মা’ গানের শিল্পী বলেন, আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো- মানুষ আমাকে পছন্দ করেছে। তারা আমাকে অনেক ভালবাসা ও সম্মান দিয়েছে। শুধু তাই নয়, ধারাবাহিকভাবে আমার গান ভালোবেসেছে।
সঙ্গীত জীবনে সাড়ে সাত হাজার গানে কণ্ঠ দেয়া লতা আরো বলেন, আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে অনুভব করি, যা পেয়েছি তা আমার বাবা-মা ও গুরুজনদের আশীর্বাদ। যেখানে পৌঁছেছি, তা আমার সৌভাগ্য। সত্যি বলতে আমি যা করেছি, তা কখনই একা নয়।
নতুন প্রজন্মের অনেক শিল্পী উপমহাদেশের এ সুর সম্রাজ্ঞীকে অনুসরণ করেছেন। তার গানও গেয়েছেন। এ ব্যপারে জানতে চাইলে ‘লাগ যা গালে’ শিল্পী বলেন, হয়ত নতুনরা মনে করে, আমি যেভাবে গেয়েছি, তা ঠিক ছিল। তাই তারা আমার মতো করে গান করেছে। অবশ্যই আমার প্রতি তাদের প্রগাঢ় ভালোবাসা ও ভক্তি ছিল। কেননা, আপনি যখন কাউকে আদর্শ মনে করেন, তাকে চোখ বন্ধ করে অনুসরণ করতে চান।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মুঙ্গেশকার। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন তিনি। আজ চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় তার। শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনীতিবিদসহ বলিউড তারকারা। গোটা ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নাইটিঙ্গেল অব ইন্ডিয়া খ্যাত লতার মৃত্যুতে দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। এই দুদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
মানুষের ভালবাসাই আমার সবচেয়ে বড় অর্জন : লতা মুঙ্গেশকার
অতুলনীয় কণ্ঠ দিয়ে অসংখ্য ভক্তকে সুরের মায়ায় আচ্ছন্ন করে রেখেছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী লতা মুঙ্গেশকার। ৯২ বছর বয়সে আজ রোববার ইহলোক ত্যাগ করেন তিনি। অসামান্য প্রতিভা ছাড়াও নিজ ব্যক্তিত্বে অতুলনীয় ছিলেন লতা। জাতীয় তো বটেই, আন্তর্জাতিক খ্যাতির শীর্ষে থাকলেও ছিলেন একেবারে সাধারণ।










