বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার অভিনয় করতে যাচ্ছেন একতা কাপুরের প্রযোজনায় রোমান্স-থ্রিলার ‘রাগিনী এমএমএস ৩’ সিনেমায়। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এক দশকেরও বেশি সময় পর নতুন করে শুরু হচ্ছে বহুল আলোচিত এ ফ্র্যাঞ্চাইজির যাত্রা। ভৌতিক গল্প, রোমাঞ্চকর দৃশ্য ও জনপ্রিয় সাউন্ডট্র্যাক—সব মিলিয়ে আগের কিস্তিগুলো দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল। এবার তামান্নাকে নিয়ে একতা কাপুর আশা করছেন দর্শকের কাছে সেই একই সাড়া ফেলার।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘রেইড ২’ সিনেমায় বিশেষ উপস্থিতির মাধ্যমে আলোচনায় ছিলেন তিনি। তবে এবার বড় পর্দায় ফিরছেন একেবারে কেন্দ্রীয় চরিত্রে। তামান্নার সঙ্গে এ সিনেমার আলোচনা হয়েছিল তার আসন্ন সিনেমা ‘ভ্যান’-এর শুটিং সেটে, যেখানে তিনি কাজ করছেন সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে। সেখানে একতা কাপুর তাকে সিনেমার গল্প শোনান। গল্পের ভৌতিক উপাদানগুলো তামান্নাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। তিনি মনে করেন, এ চরিত্র তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।
শুধু তাই নয়, সিনেমায় যুক্ত হতে পারে একটি আলোচিত গানও, যা সারা দেশে আলোচনার জন্ম দিতে পারে। নির্মাতা দল এরই মধ্যে এমন একটি সুর খুঁজছেন।
‘রাগিনী এমএমএস’ সিরিজের যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে রাজকুমার রাও ও কাইনাজ মতিভালাকে নিয়ে। পরবর্তী কিস্তি ‘রাগিনী এমএমএস ২’ মুক্তি পায় ২০১৪ সালে, যেখানে অভিনয় করেন সানি লিওন। এ সিনেমার জনপ্রিয় গান ‘বেবি ডল’ সে সময় তুমুল আলোড়ন তোলে। দীর্ঘ বিরতির পর এবার আবারো দর্শকের সামনে আসছে তৃতীয় কিস্তি। একতা কাপুর আশা করছেন, তামান্না ভাটিয়াকে কেন্দ্র করে নির্মিত নতুন সিনেমাটিও আগের মতোই সাফল্য কুড়াবে।
সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে শুটিং শুরু হবে। আগামী বছর দর্শক দেখতে পাবেন তামান্নাকে একেবারে নতুন রূপে, ভৌতিক ও রোমাঞ্চকর আবহের চরিত্রে। হরর, রোমাঞ্চ আর সংগীতের মিশ্রণে রাগিনী এমএমএস ৩ আগের সাফল্য ছুঁতে পারবে কিনা—সেটাই এখন দেখার বিষয়।










