জেরম লরেন্স ও রবার্ট এডউইন লির ইনহেরিট দ্য উইন্ড গল্প অবলম্বনে দেশের জনপ্রিয় নাট্যদল ‘বাতিঘর’-এর ১৫তম প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে এর ১১তম প্রদর্শনী প্রদর্শিত হবে। নাটকটির নির্দেশনা ও মঞ্চরূপ দিয়েছেন মুক্তনীল। ২০২১ সালের ডিসেম্বরে এর উদ্বোধনী প্রদর্শনীর পর ঢাকার মঞ্চে ব্যাপক আলোচনায় এসেছে। এটি মূলত ১৯২৫ সালের যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ‘স্কোপস মাংকি ট্রায়াল’ ঘটনা অবলম্বনে নির্মিত।
১৯২৫ সালের আগে থেকেই বাটলার আইন ছিল। বাটলার আইন মোতাবেক স্কুলের শিক্ষকদের ক্লাসে সৃষ্টিবাদের পরিবর্তে বিবর্তনবাদ শেখানো নিষিদ্ধ হয়। ওই সময় যুক্তরাষ্ট্রের হিলসবোরো শহরের একটি স্কুলের বিজ্ঞান শিক্ষক বার্ট্রাম কেইটস বাটলার আইন উপেক্ষা করে ছাত্রদের সৃষ্টিবাদ ও বিবর্তনবাদ সম্পর্কিত ডারউইনের থিওরি শেখানোর দায়ে দোষী সাব্যস্ত হন। রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করার দায়ে জেলখানায় বন্দি করা হয় বার্ট্রাম কেইটসকে। এ গল্প নিয়েই নাটকটি নির্মিত। মাংকি ট্রায়ালের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় সরকার মুক্তনীল, খালিদ হাসান রুমি, সঞ্জয় গোস্বামী, মৃধা অয়োমী, তারানা তাবাসসুম চেরী, স্বরণ বিশ্বাস জুবিসহ বাতিঘরের নাট্যকর্মীরা।










