বছরের অন্যতম হিট সিনেমা হিসেবে ‘স্ত্রী টু’-এর অবস্থান বেশ মজবুত। মুক্তির দুই সপ্তাহে আয় ছাড়িয়েছে ৬৫০ কোটি রুপি। সিনেমার গল্প ভৌতিক ও হাস্যরসযুক্ত। তবে এ গল্পের ক্লাইমেক্স সুপারহিরো সিনেমা ‘অ্যাভেঞ্জারস’ থেকে অনুপ্রাণিত। কারণ এ গল্পেও একজন খলনায়কের বিরুদ্ধে লড়তে সিনেমার সব হিরো এক হয়। এমনটাই জানা গেছে এর নির্মাতার কাছ থেকে। অমর কৌশিক পরিচালিত স্ত্রী টুয়ের দুর্দান্ত এ চিত্রনাট্য লিখেছেন নিরেন ভাট্ট। যিনি এর আগেও বেশ কয়েকটি সিনেমার ভৌতিক গল্প লিখেছেন। এবার ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একটি সাক্ষাৎকারে নিরেন জানিয়েছেন ভৌতিক গল্প নির্মাণের পেছনের গল্প। কথা বলেছেন এ সিনেমার সবার কৌতূহলের চরিত্র সারকাটাকে নিয়ে। 

সাক্ষাৎকারে নিরেন থেকে জানতে চাওয়া হয়েছিল কী করে স্ত্রী টু সিনেমায় সারকাটা চরিত্রটি তার মাথায় এল। জবাবে তিনি বলেন, ‘স্ত্রীর প্রথম অংশে একটি গুহা ছিল। যেখানে অনেক মূর্তির সঙ্গে একটি বিশাল দেহাকৃতির মূ্র্তিও ছিল, যার মাথাটা ছিল আলাদা বা মাথা কাটা। এ মাথাকাটা থেকেই সারকাটা। সারকাটা আসলে পিতৃতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, এমন একটি খলনায়ক চরিত্র।’ 

আদৌতে দর্শক এখন সিনেমায় সম্পূর্ণ বিনোদন চায়। দর্শকের চাহিদা বুঝে চিত্রলেখন করেন নিরেন ভাট্ট। সে জায়গা থেকেই হয়তো স্ত্রী টু পেয়েছে দর্শকপ্রিয়তা। বলিউড ইন্ডাস্ট্রির দুর্দিনেও এর সাফল্য প্রমাণ করে বিনোদনে ভরপুর সিনেমা থেকে কখনই দর্শক মুখ ফিরিয়ে নেয় না। শিগগিরই অভিনেতা আয়ুষ্মান খুরানা অভিনীত ভৌতিক সিনেমার গল্প লেখনে যোগ দেবেন চিত্রলেখক নিরেন ভাট্ট।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস