দীর্ঘ সময় ধরে অভিনয়ের সঙ্গে জড়িত রুনা খান। মঞ্চ, টিভি নাটক, সিনেমা ও ওয়েব দুনিয়ায়ও জনপ্রিয় এ অভিনেত্রী। নতুন বছরে আসছে রুনা অভিনীত সরকারি অনুদানের নতুন সিনেমা ‘একটি না বলা গল্প’। ৬ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। গত ডিসেম্বরে এর পোস্টার প্রকাশের পর জানা যায় এ তথ্য। বিশ্বজিৎ চৌধুরীর গল্পে এ সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন পঙ্কজ পালিত। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমার ক্ষেত্রে রুনা খানের পঞ্চম সিনেমা এটি। সিনেমাটিতে আরিফা চরিত্রে অভিনয় করেছেন রুনা।
সিনেমাটি নিয়ে রুনা খান বলেন, ‘মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে সিনেমাটি নির্মিত। গল্পে দুই চরিত্র আরিফা ও মমিনুলের না বলা গল্পকে নিয়েই এগিয়েছে এ সিনেমা। সমান্তরালে দুটি সময়ের গল্প দেখানো হয়েছে এতে। এর একটি গল্প শুরু হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং শেষ হয়েছে ১৯৮৮ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে।’
একটি না বলা গল্প সিনেমাটি চট্টগ্রামের একটি পরিবারকে নিয়ে। রুনা খানের বিপরীতে এ সিনেমায় অভিনয় করেছেন রওনক হাসান। মমিনুল চরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে, যিনি একজন মুক্তিযোদ্ধা। গত ৮ জানুয়ারি এ সিনেমার শুটিং শুরু হয়েছিল। চট্টগ্রাম, বান্দরবান, পুবাইল ও নবাবগঞ্জে শুটিং হয়েছে। এটি পঙ্কজ পালিত পরিচালিত প্রথম চলচ্চিত্র। রওনক হাসান ও রুনা খান ছাড়াও এতে অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, মোমেনা চৌধুরী, আহসানুল হক মিনু, আরিফ হক, রাকিব হোসাইন ঈভন ও নাঈমা আনজুম মুন।
২০১৭ সালে তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিনয় শুরু করেছিলেন রুনা খান। হালদার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। একই বছর ‘ছিটকিনি’ ও ‘গহীন বালুচর’ সিনেমা দুটিও মুক্তি পেয়েছিল এ অভিনেত্রীর। রুনা খানকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায়। ওটিটি প্লাটফর্মে কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেও দর্শকের প্রশংসা পেয়েছেন এ অভিনেত্রী। সর্বশেষ অমিতাভ রেজা চৌধুরীর ‘বোধ’ ওয়েব সিরিজে আফজাল হোসেনের বিপরীতে অভিনয় করেছেন রুনা খান।










