বছরজুড়েই নতুন গান নিয়ে হাজির হন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। একক গানের পাশাপাশি সিনেমার গান নিয়েও ব্যস্ত থাকেন তিনি। কনা জানান, আগে একক ও সিনেমার গানের প্রতি দর্শকের আকর্ষণ থাকলেও সময়ের সঙ্গে নাটকের গানের প্রতিও তাদের আগ্রহ তৈরি হচ্ছে। আর এ কারণে সিনেমার গানের পাশাপাশি নাটকের গানের জন্য আলাদা সময় বের করতে হচ্ছে বলে জানান এ সংগীতশিল্পী। আগামী মাসে একসঙ্গে একাধিক নতুন গান আসবে বলেও জানিয়েছেন কনা।
এ প্রসঙ্গে কনা বলেন, ‘দুই দশকেরও বেশি সময় ধরে গানের সঙ্গে যুক্ত আছি। আমার সৌভাগ্য আমি অনেকগুলো সুন্দর গানের সঙ্গে যুক্ত থাকতে পেরেছি আর শ্রোতাদের ভালোবাসাও পেয়েছি। একাধিক সিনেমায় গান গাওয়ার সুযোগ হয়েছে আমার। আর এখন দেখছি নাটকের গান নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছেই। নাটকের গান গাওয়ার অনেক প্রস্তাব পাচ্ছি। সম্প্রতি হাসিব হোসেন রাখির পরিচালনায় নির্মিত একটি নাটকে গান গেয়েছি। এ গানে আমার সহশিল্পী ছিলেন সজীব। গানটি দর্শকের ভালো লাগবে।’
কাজের ব্যস্ততা জানতে চাইলে কনা বলেন, ‘ঢাকার বাইরে টানা কয়েকটি শো শেষ করেছি। আর ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আরো কয়েকটি স্টেজ শো করব। পাশাপাশি সিনেমার গান তো চলছেই। আগামী ফেব্রুয়ারিতে কয়েকটি গান আসবে। গান দিয়ে দর্শকের কাছে অনেক ভালোবাসা পেয়েছি। তাই আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার গানের ভক্ত ও শ্রোতাদের প্রতি। আগামীতে আরো ভালো ভালো গান করতে চাই।’










