নতুন একটি নাটকে দেখা যাবে তানিয়া বৃষ্টিকে। দীর্ঘ বিরতির পর আবার জুটি বেধেছেন এফএস নাঈম ও তানিয়া বৃষ্টি। ‘যে স্বপ্ন ভালোবাসি না’ নাটকে দেখা যাবে তাদের। প্রশান্ত অধিকারীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জহির খান। 

নাটকের গল্পে দেখা যাবে, তারেক ও পূর্বা একে অন্যকে ভালোবাসে। তারেকের চাকরি হলেই বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয় তারা। একদিন পূর্বাকে কেউ বলে মার্কেটে তারেকের সঙ্গে এক মেয়েকে দেখেছে। তারেক কোনোভাবেই পূর্বাকে বোঝাতে পারে না সে মেয়েটি তার কাজিন। পূর্বা এক পর্যায়ে আত্মহত্যার হুমকি দেয়।

নাটক প্রসঙ্গে এফএস নাঈম বলেন, ‘নাটকটি তৈরি হয়েছে স্বপ্ন ও বাস্তবতার মিশেলে। এ সময়ের বাস্তবতা উঠে এসেছে নাটকে। অনেক দিন পর তানিয়া বৃষ্টির সঙ্গে কাজ হলো। সে অনেক সেনসেবল, অভিনয়ে মনোযোগী। ব্যক্তি তানিয়াও অনেক বন্ধুবৎসল ও মিশুক। শুটিংটা আড্ডা ও গল্পে কেটেছে আমাদের।’

তানিয়া বৃষ্টি বলেন, ‘সুন্দর গল্পের একটি নাটক। নাঈম ভাই দারুণ একজন অভিনেতা। শুটিং সেটে অনেক হেল্প করেছেন আমাকে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’ যে স্বপ্ন ভালোবাসি না নাটকে আরো অভিনয় করেছেন রহিম সুমন, রাজীব ঘোষ, ত্বহা খান, হামিদুর রহমান প্রমুখ। শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে নাটকটি।