শিশুতোষ টেলিভিশন চ্যানেল দুরন্ত টিভি। শিশুদের উপযোগী অনুষ্ঠান প্রচারের কারণে খুদে দর্শকের কাছে জনপ্রিয় এ টেলিভিশন চ্যানেল। নতুন পাঁচটি কার্টুন সিরিজ, সিসিমপুর সিজন ১৬, নাটক ও নিজস্ব অনুষ্ঠান নিয়ে দুরন্ত টিভির ২৬তম সিজন শুরু হয়েছে কাল।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে দুরন্ত টিভির পক্ষ থেকে জানানো হয়, নতুন সিজনে থাকছে বাংলায় ভাষান্তরিত ‘মিয়া অ্যান্ড মি’, ‘১০০% উলফ লিজেন্ড অব দ্য মুনস্টোন’, ‘ভিক দ্য ভাইকিং’, ‘কেট অ্যান্ড মিম-সিজন ২’ ও ‘ট্রি ফু টম-সিজন ২’। প্রচার হবে সিসিমপুরের নতুন সিজন। অন্যদিকে ধারাবাহিক নাটক ‘টুমলু’ শুরু হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। এছাড়া মাহে রমজানে থাকছে ইসলামিক কুইজভিত্তিক অনুষ্ঠান ‘জানার আছে অনেক কিছু-সিজন ৬’, রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘বানাই মজার ইফতার মা-বাবা আর আমি-সিজন ৩’ এবং হামদ ও নাতের অনুষ্ঠান ‘গানে প্রাণে প্রার্থনা’। এছাড়া স্কুলভিত্তিক কুইজ-শো ‘‌সবজান্তা’র নিয়মিত প্রচার চলছে।

মিয়া অ্যান্ড মি কার্টুনে দেখা যাবে মিয়া তার জন্মদিন উপলক্ষে বাবার কাছ থেকে একটি রূপকথার বই আর একটি ব্রেসলেট উপহার পায়। সেই বই আর ব্রেসলেটের আছে জাদুকরী ক্ষমতা। সেন্টোপিয়ায় মিয়ার দুঃসাহসিক অভিযাত্রার গল্পটির প্রচার শুরু হয়েছে। এ কার্টুন দেখা যাবে প্রতি রোব থেকে বৃহস্পতিবার সকাল ৯টায়, দুপুর ১২টায় ও বিকাল ৫টায়। ১০০% উলফ লিজেন্ড অব দ্য মুনস্টোন দুরন্ত টিভিতে প্রচার হবে রোব থেকে বৃহস্পতিবার বেলা ১১টা ও ১টা ৩০ মিনিটে।

জানা বা জ্ঞানার্জন কোনো ভয়ের বিষয় নয়, বরং সেটা যে আনন্দের, সে বিষয়কে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে দুরন্ত টিভির স্কুলভিত্তিক কুইজ-শো সবজান্তায়। সাজু খাদেমের সঞ্চালনা ও পার্থ প্রতিম হালদার পরিচালিত সবজান্তা অনুষ্ঠানটি প্রচার হবে রোব থেকে বৃহস্পতিবার বেলা ২টা ও রাত ৮টা ৩০ মিনিটে শুধু দুরন্ত টিভিতে।

এ আয়োজনে থাকছে ধারাবাহিক নাটক ‘অবন্তী কাণ্ড’। মারুফ মিঠু পরিচালিত ৩০ পর্বের নাটকটি দেখা যাবে সপ্তাহে প্রতিদিন বেলা ১টা ও রাত ৮টা ৩০ মিনিটে। দুরন্ত টিভির পর্দায় দেখা যাবে জনপ্রিয় মার্শাল আর্ট তায়কোয়ানদো। ৬৫ পর্বের অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টায় দেখা যাবে।