ডেডপুল মার্ভেলের অন্যান্য সিনেমার তুলনায় ভিন্ন ধারার। সিনেমাটির প্রথম দুই পর্ব যারা দেখেছেন, তারা বিষয়টি জানেন। মার্ভেলসহ হলিউডের এ সময়ের সিনেমায় রক্ত দেখানো হয় না। ভাষার ব্যবহারেও নানা রকম সতর্কতা অবলম্বন করা হয়। ডেডপুল সেদিক থেকে খানিকটা ভিন্ন। এর কাহিনী, সংলাপ ও অন্যান্য বিষয় কিছুটা প্রাপ্তবয়স্কদের উপযুক্ত। সে ধারাবাহিকতায় এবার জানানো হলো ডেডপুল টুকে ‘‌আর রেটেড’ ঘোষণা দিয়েছে ডিজনি প্লাস। সিনেমার বয়স অনুসারে রেটিং ধরলে আর রেটেড বলতে বোঝায় ১৭ বছরের কম বয়সীদের এটি দেখার ক্ষেত্রে অভিভাবকের তত্ত্বাবধান প্রয়োজন। এর বাইরের খবর হচ্ছে ডেডপুল থ্রিতে অভিনয় করছেন এমা করিন।

রায়ান রেনল্ডসের সঙ্গে হিউ জ্যাকম্যান যোগ হওয়ার কারণে ডেডপুল নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। এর মধ্যেই জানানো হলো নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ দ্য ক্রাউনের অভিনেত্রী এমা করিন থাকবেন ডেডপুল থ্রিতে। মজার ব্যাপার হলো এখন পর্যন্ত ধারণা হচ্ছে সিনেমাটিতে তিনি খল চরিত্রে অভিনয় করবেন। এমা করিন নেটফ্লিক্সের দ্য ক্রাউন সিরিজে ডায়নার চরিত্রে অভিনয় করেছিলেন। সিরিজটি তুমুল জনপ্রিয় এবং এ সিরিজে তার চরিত্রটিও প্রশংসিত হয়েছিল।

মার্ভেলের ডেডপুল নানা কারণেই আগ্রহ জাগানিয়া। সিনেমাটিতে প্রথমবারের মতো শন লেভি ও তার টিমের সঙ্গে সরাসরি কাজ করছে মার্ভেল। এমনিতে ডেডপুল মার্ভেলের চরিত্র হলেও এ সিনেম্যাটিক ইউনিভার্সে অন্তর্ভুক্ত ছিল না। এবার এর অংশ হতে যাচ্ছে ডেডপুল। আরো একটি কারণ হলো এ সিনেমার মাধ্যমে উলভারিনকে আবার দেখা যাবে। এ চরিত্রে অভিনয় করবেন হিউ জ্যাকম্যান।

সিনেমায় করিনকে যুক্ত করার জন্য বেশ চেষ্টা করেছেন প্রযোজকরা। এমা করিনের আগের সিনেমা লেডি চ্যাটার্লিজ লাভার ও সিরিজ দ্য ক্রাউনে তার অভিনয়গুণের কারণেই তাকে সিনেমায় চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু ব্যস্ততার কারণে তাদের নিশ্চিত করতে পারেননি এমা। অবশেষে সময় মিলল তার।


সূত্র: ডেডলাইন