দেশের অন্যতম নাট্যদল প্রাঙ্গণেমোর। শনিবার ছিল প্রাঙ্গণেমোরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। অন্যদিকে গতকাল ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন। এ দুই আয়োজন উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে প্রাঙ্গণেমোর মঞ্চায়ন করতে যাচ্ছে নাটক ‘আমি ও রবীন্দ্রনাথ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, সুজয় দাস, সরোয়ার সৈকত, জুয়েল রানা ও বাঁধন। 

নাটকটির গল্প প্রসঙ্গে নূনা আফরোজ জানান, অথৈ একদিন তার বন্ধুর সঙ্গে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে বেড়াতে যায়। কুঠিবাড়ি দেখতে গিয়ে সে একসময় একাই দোতলার সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। হঠাৎ তার সামনে হাজির হন স্বয়ং রবীন্দ্রনাথ। তিনি অথৈকে তার কুঠিবাড়ি ঘুরিয়ে দেখানোর আহ্বান জানান। অথৈ ভুলে যায় তার বন্ধুসহ পৃথিবীর সবকিছু। সে রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলতে থাকে। তার সামনে পরপর হাজির হয় ২৯ বছর, ৬৯ বছর, ২১ বছর ও ৮০ বছরের ভিন্ন ভিন্ন রবীন্দ্রনাথ। এ চার সময়ের রবীন্দ্রনাথের সঙ্গে অথৈয়ের কথা হয়, তখনকার রবীন্দ্রনাথের ব্যক্তি জীবন ও সৃজনশীলতা নিয়ে। আর রবীন্দ্রনাথের প্রতিটা বয়সের সঙ্গে অথৈও বদলে যেতে থাকে ভিন্ন চরিত্র ও বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুর আর তার কথোপকথনের মাধ্যমে উঠে আসে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম ও ব্যক্তি জীবনের নানা দিক। এভাবেই এগিয়ে যায় নাটকটি। 

২০০৩ সালের ৬ মে প্রাঙ্গণেমোর নাট্যদলটি প্রতিষ্ঠিত হয়েছিল। গত ২০ বছরে এ দল ১৫টি প্রযোজনা মঞ্চায়ন করেছে। এছাড়া দেশ-বিদেশে সফলতার সঙ্গে একাধিক নাট্যোৎসবের আয়োজন করেছে তারা।