ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় প্রতিবছর ন্যাশনাল স্কুল অব ড্রামা আয়োজন করে ‘ভারত রঙ মহোৎসব’। সে ধারাবাহিকতায় শুরু হতে যাচ্ছে ‘২৩তম ভারত রঙ মহোৎসব ২০২৪’। এ উৎসবে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে পাঁচটি দল আমন্ত্রিত হয়েছে। দলগুলো হলো: ম্যাড থেটার (অ্যানা ফ্রাঙ্ক), থিয়েটার ফ্যাক্টরি (আষাঢ়স্য প্রথম দিবসে), নাট্যম রেপার্টরি (দমের মাদার), বটতলা (খনা) ও স্বপ্নদল (চিত্রাঙ্গদা)। পাঁচটি দলের প্রযোজনা নিয়ে ১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় চলছে পাঁচ দিনব্যাপী ‘ভাষার সঙ্গ, নাট্যরঙ্গ বাংলাদেশ উৎসব’। ভারঙ্গম ২০২৪-এ অংশগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে এ উৎসবের শেষদিনে আগামীকাল সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাট্যসংগঠন স্বপ্নদলের দর্শকনন্দিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’-র বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি চিত্রাঙ্গদার গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ভারঙ্গম ২০২৪-এ ১০ ফেব্রুয়ারি ওড়িশার ভুবনেশ্বরে ১২ ফেব্রুয়ারি এনএসডি, নয়াদিল্লিতে চিত্রাঙ্গদার দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাহিদ রিপন।
রবীন্দ্রনাথ মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে ১৮৯২-এ কাব্যনাট্য রূপে ও ১৯৩৬-এ নৃত্যনাট্য রূপে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেন। স্বপ্নদলের চিত্রাঙ্গদা প্রযোজনাটি নির্মিত হয়েছে কাব্যনাট্য পাণ্ডুলিপি অবলম্বনে। এর নাট্যকাহিনীতে উপস্থাপন হয়েছে মহাবীর অর্জুন সত্যপালনের জন্য একযুগ ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন।
চিত্রাঙ্গদার অভিনয়শিল্পীরা হলেন, সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, জেবু, সুমাইয়া, সামাদ, ঊষা, আলী, বিপুল, নিসর্গ, হাসান, সুকুমার, তুষার প্রমুখ।










