লস অ্যাঞ্জেলেসের ভেটেরানদের ঘরের ব্যবস্থা করলেন হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার। বড়দিন উপলক্ষে ২৫টি ঘর দিয়েছেন তিনি। এক্ষেত্রে গৃহহীন ভেটেরান সদস্যদের বেছে নেন তিনি। ফক্স ১১, লস অ্যাঞ্জেলেসের মতে, ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর শোয়ার্জনেগার এ কাজের জন্য আড়াই লাখ ডলার খরচ করেছেন। বড়দিনের আগে উপহার দেয়া হয় ঘরগুলো। এ বিষয়ে টার্মিনেটরখ্যাত অভিনেতা টুইটারে লেখেন, ‘আমাদের এ নায়কদের সঙ্গে কিছু সময় কাটানো এবং তাদের নতুন ঘরে স্বাগত জানানো একটি অনবদ্য অভিজ্ঞতা ছিল। আমার জন্য এটিই বড়দিনের সেরা উপহার।’
আর্নল্ডের দেয়া উপহারের বাড়িগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে। দেখা যাচ্ছে, তিনি বেশ গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখেছেন এবং সে অনুসারেই ব্যবস্থা নিয়েছেন। যদিও বাড়িগুলো ছোট, কিন্তু সেখানে পর্যাপ্ত সুবিধাদি রাখা হয়েছে। বিভিন্ন মাধ্যমে আসা ছবি থেকে দেখা যায়, বাড়িগুলো বিদ্যুৎসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করেছে। এখানে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে এবং ভেটেরানরা তাদের পোষা প্রাণীর সঙ্গে এখানে বাস করতে পারবেন। মূলত একটি প্রতিষ্ঠান ‘ভিলেজ ফর ভেটস’কে আর্নল্ড তার অর্থসহায়তা দিয়েছিলেন।
ভিলেজ ফর ভেটস থেকেও শোয়ার্জনেগারকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, ‘আর্নল্ড শোয়ার্জনেগারের দানের কারণেই বাকি ২৫টি ঘর নির্মাণ সম্ভব হয়েছে।’
গুরুত্বপূর্ণ বিষয় হলো, নায়কের এ দানের কথা গণমাধ্যমে আসামাত্র আরো অনেকে এ প্রতিষ্ঠানে দান করতে আরম্ভ করেছেন। এ কারণে শোয়ার্জনেগার আরো লিখেছেন, ‘সবারই কিছু না কিছু করার ক্ষমতা আছে। হতে পারে তা বৃহৎ কিছু নয়। তোমার সময় থেকে কয়েক মিনিট নিয়ে অন্যকে সাহায্য করা যায়।’
লস অ্যাঞ্জেলেসে গৃহহীনতা একটি বড় সংকট। কভিড-১৯ মহামারীকালে তা আরো বেড়েছে। আর্নল্ডের পদক্ষেপ এক্ষেত্রে মানুষকে সাহায্য করার মাধ্যমে সমস্যা সমাধানের একটি সুযোগ তৈরি হতে পারে।
সূত্র: কোরিয়ান টাইমস










