করোনার বিরতি শেষে শুটিংয়ে ফিরে অভিনয়ে আবারো পুরোদস্তুর ব্যস্ত হয়ে উঠেছেন ছোট পর্দার প্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। শুটিংয়ে ফিরে বেশকিছু নাটকে কাজ করেছেন তিনি। সম্প্রতি ‘পার্টনার’
নামে আরো একটি নতুন নাটকে অভিনয় করেছেন। এর নিদের্শনা দিয়েছেন নির্মাতা মেহেদী হাসান জনি। রচনায় আরিফুল ইসলাম পাঠক।
নাটকটি নিয়ে মেজহাবিন বলেন, ‘পার্টনার’
নাটকটির গল্প চমত্কার, যে কারণে কাজ করেছি। আর এখানে আমার সহশিল্পী হিসেবে আছেন অপূর্ব ভাইয়া, যিনি সবসময়ই সহযোগিতা পরায়ন।
মেহজাবিনের সঙ্গে কাজের প্রসঙ্গে নির্মাতা জনি বলেন, ‘মেহজাবিন চৌধুরীকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। গল্পের ভেতরে প্রবেশ করে আন্তরিকতা নিয়ে অভিনয় করেন তিনি। একজন পরিচালকের নাটক নির্মাণের ক্ষেত্রে বিষয়টি অনেক পজিটিভ। এ নাটকের ক্ষেত্রেও অনেক সহযোগিতা করেছেন। আশা করি নাটকটি দর্শকের ভালো লাগবে।’
মেহেদী হাসান জনির নির্দেশনায় এর আগেও বেশকিছু আলোচিত নাটকে অভিনয় করেছেন মেহজাবিন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘আজ ১০ই আগস্ট’,
‘চুপকথা’,
‘নেগেটিভ পজিটিভ’
ইত্যাদি।
নির্মাতা জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের পর সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
এদিকে মেহজাবিন ও অপূর্ব জুটি সম্প্রতি একসঙ্গে ‘মধুসিং’ ও ‘ক্যান্ডিক্রাশ’ নামে আরো দুটি নাটকের কাজ শেষ করেছেন। শিগগিরই মেহজাবিন মিজানুর রহমান আরিয়ান, রুবেল হাসান ও ভিকি জায়েদের তিনটি নাটকের কাজ করবেন। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে মেহজাবিন অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘২৩ শে শ্রাবণ’।










