আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আর এবারের আসরে হাজির হয়েছেন দেশ-বিদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা ও তারকারা। যার অংশ হিসেবে উৎসব শেষ হওয়ার আগের দিন দেখা মেলে ইরানের বিখ্যাত নির্মাতা মাজিদ মাজিদির। গতকাল বেলা ২টার দিকে তিনি দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু জাতীয় জাদুঘর মিলনায়তনে আসেন। এরপর অংশ নেন উৎসব আয়োজকদের মাস্টারক্লাসে। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ২ ঘণ্টা ব্যাপ্তির এ সেশন বিকাল সাড়ে ৪টা নাগাদ শেষ হয়।

মাস্টারক্লাসে অংশ নিতে দেখা গেছে দেশের সিনেমাপ্রেমী তরুণ তরুণীসহ বিদেশী অতিথিদেরও। বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু মাস্টার ক্লাসের উপস্থাপনার দায়িত্ব পালন করছেন। ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজকরা জানান, উৎসব শেষের আগের দিনটা তরুণ চলচ্চিত্র নির্মাতাদের কথা ভেবেই মূলত মাস্টারক্লাসের জন্য নির্ধারিত ছিল। বেলা ১১টায় চীনের সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ানের মাস্টারক্লাসটি শেষ হয় বেলা ১টার দিকে। আর দুপুরের খাবারের বিরতির পর মাজিদ মাজিদির সেশন শুরু হয়েছিল। তারপর শুরু হয় ভারতীয় নির্মাতা, অভিনেতা ও শিল্পী অঞ্জন দত্তের মাস্টার ক্লাস।

বিশেষ এ সেশনে যোগ দিতে গত শুক্রবার ঢাকায় পৌঁছান কালজয়ী সিনেমা ‘চিলড্রেন অব হেভেন’-এর নির্মাতা মাজিদি। শনিবার মাস্টারক্লাসে অংশ নেয়া ছাড়াও রবিবার তিনি উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষ।

নিজস্ব চলচ্চিত্র ভাবনা আর নির্মাণশৈলীর কারণে সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের কাছে মাজিদ মাজিদি পরিচিত নাম। ১৯৯৮ সালে নির্মিত ‘চিলড্রেন অব হেভেন’ সিনেমার জন্য ব্যাপক পরিচিতি পান মাজিদি। সিনেমাটি বিদেশী ভাষায় নির্মিত সিনেমা বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছিল। ২০১৫ সালে মুক্তি পাওয়া তার ‘মুহাম্মাদ: দ্য মেসেঞ্জার অব গড’ সিনেমাটিও ব্যাপক সুনাম কুড়ায়। মাজিদি নির্মিত উল্লেখযোগ্য আরো সিনেমা ‘দ্য কালার অব প্যারাডাইজ’, ‘বারান’ ইত্যাদি। 

বানিয়েছেন ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ নামের বলিউড সিনেমাও। নির্মাণের পাশাপাশি তিনি একজন চিত্রনাট্যকার ও প্রযোজক। এছাড়া অভিনয়ও করেছেন এ নির্মাতা।