জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। দীর্ঘদিন ধরে মঞ্চ, টিভি নাটক, সিনেমা ও ওয়েব ফিল্মে কাজ করে আসছেন তিনি। অভিনয়কে শুধুই পেশা নয়, নিজের ভালোবাসা আর জীবনের অংশ হিসেবেই বেছে নিয়েছেন। দীপা খন্দকার নিজের মেধা, যোগ্যতা ও অভিনয়গুণে নিয়মিতই পরিচালকদের কাছ থেকে নতুন নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন। প্রতিটি কাজেই তিনি দর্শকের ভালোবাসা কুড়াচ্ছেন।

সম্প্রতি চরকিতে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত মাহমুদা রিমা পরিচালিত ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওয়াস’। এতে একটি ভাঙা সংসারের মায়ের চরিত্রে দেখা যাবে দীপাকে, যেখানে মা ও সন্তানের মধ্যে বেড়ে ওঠার দ্বন্দ্বের গল্প ফুটে উঠেছে। এছাড়া আইস্ক্রিনে প্রচারের জন্য অনন্য প্রতীক চৌধুরী পরিচালিত ওয়েব ফিল্ম ‘নয়া নোট’-এও অভিনয় করেছেন তিনি।

অন্যদিকে জাহিদ হোসেন পরিচালিত সিনেমা ‘ঋতুকামিনী’ রয়েছে মুক্তির অপেক্ষায়। বেশ কয়েক বছর আগে রুলিন রহমানের পরিচালনায় করা নাটক ‘মায়ার বাঁধন’ সম্প্রতি আরটিভিতে প্রচার শুরু হয়েছে। দীপ্ত প্লেতে নিয়মিত প্রচার হচ্ছে মাহমুদুর রহমান পরিচালিত ওয়েব সিরিজ ‘হাইড অ্যান্ড সিক’। এছাড়া কেএম সোহাগ রানা পরিচালিত জনপ্রিয় নাটক ‘অনুতপ্ত’-তে অভিনয় করেও প্রশংসা পেয়েছেন দীপা খন্দকার।

বর্তমানে রাজধানীর উত্তরায় মশিউর রহমানের রচনা ও পরিচালনায় নতুন নাটক ‘মাতৃত্বের স্বাদ’-এর শুটিং করছেন তিনি। এতে জয়রাজ, সুকন্যা রহমানসহ আরো অনেকে অভিনয় করছেন। আগামী মাসের শুরুতে আরো একজন খ্যাতনামা নির্মাতার ধারাবাহিক নাটকের কাজ শুরুর কথাও জানিয়েছেন তিনি।

নিজের কাজ প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘‌যে কাজই করছি সবগুলোরই গল্প আসলে খুব সুন্দর। হোক সেটা সিনেমা, নাটক, ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ। ওয়েব ফিল্ম লিটল মিস ক্যাওয়াসের গল্পটা এককথায় দুর্দান্ত, জীবনের প্রতিচ্ছবি বলা যায়। অনন্য তো আমাদের চয়নিকা চৌধুরী দিদির ছেলে। তার নির্দেশনায় নয়া নোটে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছি। আমি আমার ক্যারিয়ার একা গড়েছি, আমার জন্য গড়েছি, কেউ গড়ে দেয়নি। রানার অনুতপ্ত নাটকটির জন্য দারুণ সাড়া পেয়েছি। মায়ার বাঁধন ধারাবাহিক হলেও প্রচারের শুরু থেকেই ভালো সাড়া পাচ্ছি। আর ঋতুকামিনী এরই মধ্যে দেশের বাইরে ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছে। আশা করছি দেশে মুক্তি পেলেও দর্শকের ভালোবাসা পাবে।’